Aaj India Desk,কলকাতা: লাদাখের পরিবেশকর্মী ও উদ্ভাবক সোনম ওয়াংচুকের দীর্ঘ অনশন আন্দোলন এবার বাংলার রাজনীতিতেও প্রভাব ফেলতে শুরু করেছে। তাঁর দাবির প্রতি সংহতি জানিয়ে শুক্রবার বিধানসভা চত্বরে প্রতীকী ধর্না কর্মসূচিতে অংশ নিল তৃণমূল কংগ্রেসের একাংশের নেতারা। এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলে বিশেষভাবে নজর কেড়েছে ‘কালীঘাটপন্থী’ শিবিরের সক্রিয় উপস্থিতি।
ধর্নায় অংশ নেন তৃণমূলের একাধিক পরিচিত মুখ। তাঁদের মধ্যে ছিলেন কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, খলিফা আহমেদ এবং অশোক দেব। হাতে পোস্টার ও ব্যানার নিয়ে তাঁরা সোনম ওয়াংচুকের আন্দোলনের প্রতি সমর্থন জানান এবং কেন্দ্রীয় সরকারের দ্রুত হস্তক্ষেপের দাবি তোলেন।
কুণাল ঘোষের বক্তব্য, দীর্ঘদিন ধরে অনশন চালিয়ে যাওয়ার ফলে সোনম ওয়াংচুকের শারীরিক পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। তিনি জানান, প্রাক্তণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই তাঁর আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন এবং তাঁর সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি তৃণমূলের একটি প্রতিনিধি দলও ওয়াংচুকের সঙ্গে সাক্ষাৎ করে পরিস্থিতির খোঁজ নিয়েছে বলে দাবি করেন তিনি।
তৃণমূল নেতাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের উচিত শুধুমাত্র স্বাস্থ্য পর্যবেক্ষণে সীমাবদ্ধ না থেকে আন্দোলনকারীর বক্তব্য শোনা এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা।
অন্যদিকে, বিষয়টি বিধানসভাতেও উত্থাপন করার চেষ্টা করেন শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, সোনম ওয়াংচুক কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে নয়, একজন পরিবেশ ও সমাজ-সচেতন মানুষ হিসেবে নিজের অবস্থান তুলে ধরছেন। এমন পরিস্থিতিতে তাঁর সঙ্গে সংলাপ শুরু করা সরকারের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
অনেকের মতে, এই কর্মসূচির মাধ্যমে তৃণমূল একদিকে যেমন কেন্দ্রের ওপর চাপ তৈরি করতে চাইছে, তেমনই দলের অন্দরে নির্দিষ্ট শিবিরের সক্রিয়তাও নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে।


