Aaj India Desk ,কলকাতা: এর আগেই পার্ক স্ট্রিটের ফুটপাথে দুধ গরম বিতর্কে নাম জড়িয়ে সমাজ মাধ্যমে ও রাজনৈতিক মহলেও তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। এবার ফের সরকারি আধিকারিককে সুন্দরবনে বদলি করার হুঁশিয়ারি দেওয়ার পর একাধিক কটাক্ষ ও সমালোচনা ধেয়ে এসেছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি বিরোধী দল তৃনমূলের তরফেও প্রশ্ন তোলা হয়েছে, কোনও আধিকারিককে ‘অযোগ্য’ বলার পর তাঁকে সুন্দরবনে পাঠানোর কথা বলা হলে, সেই বদলি কি শাস্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে? একইসঙ্গে সরকারি আধিকারিকদের সঙ্গে জনপ্রতিনিধির আচরণ এবং ক্ষমতার প্রয়োগ নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল।
সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় এক সরকারি আধিকারিককে সতর্ক করেন অগ্নিমিত্রা পাল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনি যদি অযোগ্য হন,নিজের কাজ ঠিক মতো না করতে পারেন তাহলে আপনি সেটা বলে দিন, আপনাকে সোজা সুন্দরবনে বদলি করা হবে।”
এই ভিডিও ভাইরাল হতেই তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাস্তায় সাধারণ নাগরিকদের সঙ্গে ধমক দিয়ে কথাবার্তা থেকে শুরু করে সরকারি আধিকারিকদের ‘ভয় দেখানো’র পর্যায়ে চলে গেছেন অগ্নিমিত্রা (Agnimitra Paul)। দলের বক্তব্য, প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বদলিকে কোনওভাবেই হুমকির হাতিয়ার করা উচিত নয়। পাশাপাশি তৃণমূলের তরফে সরাসরি প্রশ্ন করা হয়েছে, “কোনও আধিকারিককে ‘অযোগ্য’ বলার পর তাঁকে ‘অবিলম্বে সুন্দরবনে’ পাঠানোর কথা বলার অর্থ কী? সুন্দরবনের মানুষ কি ‘অযোগ্য’ বলে চিহ্নিত আধিকারিকদের পরিষেবা পাওয়ার যোগ্য? সুন্দরবনের মানুষের প্রতি আপনাদের এই মনোভাব ?”
অন্যদিকে সমাজমাধ্যমেও সাধারণ মানুষদের বক্তব্য, জনপ্রতিনিধির পদ দায়িত্ব ও জবাবদিহির সঙ্গে যুক্ত। তাই সরকারি আধিকারিকদের সঙ্গে মতবিরোধ থাকলেও তা প্রকাশের ক্ষেত্রে অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) আরও সংযত ও দায়িত্বশীল আচরণ করা উচিত। নতুন পাওয়া ক্ষমতার ব্যবহার যদি হুমকি, হেনস্থা বা উত্তেজনাপূর্ণ আচরণের মাধ্যমে করা হয়, তা প্রশাসনিক পরিসরে উদ্বেগের কারণ হয়ে উঠবে বলেও জানিয়েছেন তাঁরা।
একের পর এক ঘটনায় ক্রমাগত জনরোষের শিকার হচ্ছেন অগ্নিমিত্রা। এর মধ্যেই ফের তৃনমূলের সমালোচনায় বাড়ছে রাজনৈতিক উত্তাপও। এই অবস্থায় আগামী দিনে তাঁর কাজের প্রক্রিয়া পরিবর্তিত হয় কিনা সেদিকেই নজর রাজ্যবাসীর।


