Aaj India Desk, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের সবংয়ে নির্বাচনী প্রচারকে ঘিরে উত্তেজনার মাঝে নতুন বিতর্কের জন্ম দিল কেন্দ্রীয় বাহিনীর এক আধিকারিকের আচরণ। অভিযোগ, বিজেপি(BJP)-র প্রচারে বাধা দেওয়ার ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করার সময় স্থানীয় এক তৃণমূল (TMC) নেতাকে প্রকাশ্যে চড় মারেন তিনি। এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই এলাকায় শুরু হয়েছে তুমুল চর্চা।
ঘটনাটি সবংয়ের ৫ নম্বর সারতা অঞ্চলের ছিনা এলাকায়। বিজেপির দাবি, তাদের কর্মীরা প্রচার চালাতে গেলে কয়েকজন তৃণমূল সমর্থক বাধা দেন। এমনকি এক বিজেপি কর্মীকে মারধরও করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় প্রশাসনকে। পরে এলাকায় পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক আধিকারিক মোবাইলে ফুটেজ দেখে কয়েকজনকে চিহ্নিত করার চেষ্টা করছেন। সেই সময় স্থানীয় এক তৃণমূল নেতাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। ভিডিয়োয় থাকা ব্যক্তি তিনিই কি না জানতে চাইলে তিনি সম্মতি জানান। অভিযোগ, এরপরই আচমকা তাঁকে সজোরে চড় মারেন ওই আধিকারিক।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। বিজেপির দাবি, তাদের কর্মীদের উপর হামলার পর আইনশৃঙ্খলা বজায় রাখতেই বাহিনী পদক্ষেপ করেছে। ঘাটাল সাংগঠনিক জেলার সহ-সভাপতি অমূল্য মাইতির বক্তব্য “অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন কেন্দ্রীয় বাহিনীকে নিয়োগ করেছে। তারা কি ওদের আদর করবে? আমাদের দলের লোকও এই কাজ করলে কেন্দ্রীয় বাহিনী একই কাজ করত।”
অন্যদিকে তৃণমূলের অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের নেতাকে অপমান ও হেনস্থা করা হয়েছে। সবং ব্লক তৃণমূল সভাপতি আবু কালাম বক্স বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক স্থানীয় তৃণমূল নেতাকে মারধর করেছেন। একজন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকের এমন আচরণের কোনও অধিকার নেই।” ঘটনার প্রতিবাদে থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট সব মহলেও জানানো হয়েছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের।


