27 C
Kolkata
Monday, July 13, 2026
spot_img

বিকাশ-শামিম ঘেরাওয়ের ‘মাশুল’! কুণালকে জরিমানা করল আদালত!

কলকাতা: এসএসসি-র শারীরশিক্ষা ও কর্মশিক্ষা নিয়োগ মামলাকে কেন্দ্র করে আইনজীবীদের ঘেরাও এবং বিচারপতিদের সম্পর্কে বিতর্কিত মন্তব্যের অভিযোগে আদালত অবমাননার মামলায় দোষী সাব্যস্ত হলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার কলকাতা হাই কোর্ট তাঁকে ২,০০০ টাকা জরিমানা করার নির্দেশ দিয়েছে।

ঘটনার সূত্রপাত এসএসসি-র শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিভাগে অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি করে বেআইনি নিয়োগের অভিযোগকে ঘিরে। এই মামলায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী ফিরদৌস শামিম। মামলার শুনানিতে চাকরিপ্রার্থীদের একাংশের বিরুদ্ধে সওয়াল করেছিলেন প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। সেই সময় বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দেন, কার নির্দেশে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল, তা লিখিতভাবে আদালতকে জানাতে হবে।

এরপরই ক্ষোভে ফেটে পড়েন চাকরিপ্রার্থীদের একাংশ। অভিযোগ, কুণাল ঘোষের নেতৃত্বে তাঁরা হাই কোর্ট চত্বরে বিকাশরঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামিম-সহ একাধিক আইনজীবীর চেম্বার ঘেরাও করে বিক্ষোভ দেখান। সেই সময় বিচারপতিদের উদ্দেশেও আপত্তিকর মন্তব্য করা হয়েছিল বলেও অভিযোগ ওঠে। ঘটনার পর আইনজীবীদের নিরাপত্তা ও আদালতের মর্যাদা রক্ষার স্বার্থে কলকাতা হাই কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে আদালত অবমাননার মামলা রুজু করে। সেই মামলার শুনানি শেষে সোমবার আদালত কুণাল ঘোষকে (Kunal Ghosh) দোষী সাব্যস্ত করে।

রায়ে আদালত কুণাল ঘোষের উপর ২,০০০ টাকা আর্থিক জরিমানা ধার্য করেছে। এর প্রেক্ষিতে কুণালের (Kunal Ghosh) পাল্টা দাবী, “ঘটনাস্থলে আমি ছিলাম না। ঘটনা আমি নিন্দা করেছি, তাও আমাকে জরিমানা করা হয়েছে। আমি বিচারকদের সম্মান করি। চাকরিপ্রার্থীদের কয়েকজনের উত্তেজনার বশে ওই ঘটনা ঘটেছিল। আমাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমি আইন মেনে চলি। তিনজন মহামান্য বিচারপতির বেঞ্চ যখন এই নির্দেশ দিয়েছেন, তাঁদের আদেশ মেনে আইনিভাবে যা করার, তা করব।”

অন্যদিকে, এই রায়কে তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর কথায়, “এটা খুব ভালো হয়েছে। ক্রিমিনাল কনটেম্পটের মামলায় এ ধরনের সাজা সচরাচর দেখা যায় না। কলকাতা হাই কোর্ট কুণালবাবুকে ক্রিমিনাল কনটেম্পটে দোষী সাব্যস্ত করেছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে প্রমাণ হল, তৃণমূলের কুণালবাবুরা (Kunal Ghosh) বিচারপ্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছিলেন।”

বলা বাহুল্য, এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলাগুলি নিয়ে দীর্ঘদিন ধরেই আদালতে একাধিক আইনি লড়াই চলছে। তারই মধ্যে আদালত চত্বরে বিক্ষোভ এবং আইনজীবীদের ঘেরাওয়ের ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া এই মামলায় কুণাল ঘোষের (Kunal Ghosh) বিরুদ্ধে দোষী সাব্যস্ত হওয়ার ঘটনাকে নতুন তাৎপর্যপূর্ণ অধ্যায় বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন