Aaj India Desk, কলকাতা: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে যে আচরণ করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি এক্স-এ একটি পোস্ট করে রাহুল গান্ধীর সঙ্গে হওয়া ঘটনার কড়া নিন্দা করেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল কখনও রাষ্ট্রের শত্রু বা প্রতিপক্ষ নয়। বরং সংবিধান অনুযায়ী বিরোধী দল গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য অংশ। তাঁর মতে, সাংবিধানিক পদ ও তার মর্যাদাকে সম্মান করার ক্ষেত্রে কোনও রকম বেছে নেওয়ার সুযোগ থাকতে পারে না। একই সঙ্গে তিনি বলেন, কেউ যদি সরকারের কাছে জবাবদিহি চান, তাহলে তার উত্তরে ভয় দেখানো বা চাপ সৃষ্টি করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
অন্যদিকে, দিল্লি এবং কলকাতায় যুবকদের ওপর পুলিশি পদক্ষেপ এবং বিজেপির হামলার অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দিল্লিতে বিরোধী দলগুলির আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানান। পাশাপাশি, কলকাতায় ২১ জুলাইয়ের শহিদ দিবসের কর্মসূচিতে হামলার অভিযোগ তুলে বিজেপিকে কড়া সতর্কবার্তাও দেন।
দিল্লিতে আন্দোলনরত যুবকদের ওপর পুলিশের পদক্ষেপের কড়া সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দিল্লিতে আমাদের যুবদের ওপর পুলিশি অত্যাচার কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এটা কেন্দ্রীয় সরকারের জন্য অত্যন্ত লজ্জার বিষয়।” তিনি আরও জানান, আকবর রোডের কাছে বিরোধী দলগুলির ডাকা অবস্থান, ধর্না ও প্রতিবাদ কর্মসূচির প্রতি তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ সমর্থন এবং পূর্ণ সংহতি জানাচ্ছে।


