Aaj India Desk,কলকাতা: ভারতীয় ক্রিকেটে শুরু হল এক নতুন অধ্যায়। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ(T20 Series) এবং ২০২৬ এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করেছে নির্বাচক কমিটি। তবে দল ঘোষণার সবচেয়ে বড় চমক অধিনায়কত্বে। ভারতীয় টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।
তাঁর পরিবর্তে আয়ারল্যান্ড সফর, ইংল্যান্ড সিরিজ এবং এশিয়ান গেমসে ভারতকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)র কাঁধে।
আগামী ২৬ জুন থেকে শুরু হবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। এরপর ১ জুলাই থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। দুই সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে রয়েছেন অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিশান, শিবম দুবে, তিলক ভার্মা, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী এবং হর্ষিত রানা। ইংল্যান্ড সিরিজের জন্য অতিরিক্ত সদস্য হিসেবে দলে রাখা হয়েছে বরুণ চক্রবর্তী ও আর্শদীপ সিংকে।
এদিকে ২০২৬ এশিয়ান গেমসের জন্য ঘোষিত ভারতীয় দল আরও শক্তিশালী। সেখানে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তরুণ ব্যাটার তিলক ভার্মা। এছাড়া দলে ফিরেছেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। ফলে সোনা জয়ের অন্যতম প্রধান দাবিদার হিসেবে ইতিমধ্যেই উঠে এসেছে ভারতের নাম।
অন্যদিকে, ২৫ জুন থেকে শুরু হতে চলেছে ভারত ‘এ’ দলের শ্রীলঙ্কা সফর। এই দলের অধিনায়ক করা হয়েছে ধ্রুব জুরেলকে। স্কোয়াডে রয়েছেন দেবদত্ত পাডিক্কাল, ঋতুরাজ গায়কোয়াড়, হর্ষ দুবে, আউকিব নবি, যশ ঠাকুর, অংশুল কাম্বোজ, এন জগদীশন, শেখ রশিদ ও জিশান আনসারির মতো প্রতিভাবান ক্রিকেটাররা।
শ্রেয়স আইয়ারের নতুন নেতৃত্ব, বুমরাহর প্রত্যাবর্তন এবং তরুণ ক্রিকেটারদের সুযোগ সব মিলিয়ে আগামী কয়েক সপ্তাহ ভারতীয় ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর হতে চলেছে। নতুন নেতৃত্বে টিম ইন্ডিয়া কতটা সফল হয়, সেদিকেই এখন নজর ক্রিকেটপ্রেমীদের।


