Aaj India Desk, কলকাতা : মুখ্যমন্ত্রী হিসেবে এক বছর পূর্ণ হওয়ার পর নিজের কাজের হিসাব মানুষের সামনে তুলে ধরে ‘পরীক্ষায়’ বসার ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। আগামী ৯ মে ২০২৭-এ মুখ্যমন্ত্রী হিসেবে এক বছর পূর্ণ হবে তাঁর। সেই দিনই সাধারণ মানুষের সামনে নিজের কাজের মূল্যায়ন চান তিনি। সোমবার পুরুলিয়ায় JICA-র জলপ্রকল্পের উদ্বোধনে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, মানুষই তাঁকে তাঁর কাজের ভিত্তিতে নম্বর দেবেন।
‘আপনারাই নম্বর দেবেন’
শুভেন্দুর (CM Suvendu Adhikari) কথায়, “৯ মে ২০২৭-এ মুখ্যমন্ত্রী হিসেবে এক বছর পূর্ণ করব। আপনাদের সামনে পরীক্ষা দিতে বসব। আপনারা আমাকে নম্বর দেবেন। ১০-এর মধ্যে ৯ না পেলে আমি ক্ষমা চেয়ে নেব। মেনে নেব যে আমি পারিনি।” তবে একইসঙ্গে নিজের কাজ নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ওই দিন মানুষই বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তাঁকে বেছে নেওয়ার সিদ্ধান্তই সঠিক ছিল। এদিন ভাষণ দিতে গিয়ে বঙ্গের উন্নতির জন্য কাজ করার জন্য প্রয়োজনীয় সময় এবং মানুষের আস্থা ও বিশ্বাস চান তিনি।
১০০ দিনে পা সরকারের
এদিকে আগামী ১৮ আগস্ট শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) সরকারের ১০০ দিন পূর্ণ হচ্ছে। এই উপলক্ষে রাজ্য সরকারের ১০০ দিনের কাজের খতিয়ান মানুষের কাছে পৌঁছে দিতে একটি বই প্রকাশ করেছে বিজেপি। ‘West Bengal Government’s Resolution and 100 Days of Success’ শীর্ষক ৪১ পাতার বইটি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে দলের। বইটিতে সরকারের প্রথম ১০০ দিনের বিভিন্ন কাজের বিবরণ তুলে ধরা হয়েছে। রাজ্যে বিনিয়োগ, সামাজিক প্রকল্পের সুবিধা কতজন পেয়েছেন, প্রশাসনিক ক্ষেত্রে কী কী পরিবর্তন আনা হয়েছে, মহিলা সুরক্ষা এবং আর্থিক ক্ষমতায়নের মতো বিষয়গুলিও সেখানে উল্লেখ করা হয়েছে। বিজেপির দাবি, রাজ্যে সরকার পরিবর্তনের পর একাধিক ক্ষেত্রে সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার থাকায় বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা বাংলার মানুষ পাচ্ছেন বলেও বইটিতে তুলে ধরা হয়েছে।
১০০ দিনের কাজের পর এবার সরকারের সামনে আরও বড় সময়সীমা। আগামী ৯ মে ২০২৭-এ এক বছর পূর্ণ হওয়ার আগে বাকি সময়ের কাজকেই সামনে রাখতে চাইছে সরকার ও বিজেপি। সেই সময় মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি কতটা পূরণ হয়েছে, তার ভিত্তিতেই মুখ্যমন্ত্রীর ‘নম্বর’ নির্ধারিত হবে। এমনই বার্তা দিয়েছেন শুভেন্দু। ফলে ১০০ দিনের সাফল্যের প্রচারের পাশাপাশি এখন থেকেই এক বছরের কর্মপরিকল্পনাকেও রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনার কেন্দ্রে নিয়ে এলেন মুখ্যমন্ত্রী। শেষ পর্যন্ত ২০২৭-এর মে মাসে ‘জনতার পরীক্ষায়’ তিনি কত নম্বর পান, সেটাই এখন দেখার।


