কলকাতা: আজ, বুধবারই রাজ্যের ১ কোটি ৩৪ লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে ঢুকল অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojna) ৩ হাজার টাকা। বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ডিবিটি (Direct Benefit Transfer)-এর মাধ্যমে ১ কোটি ৩৪ লক্ষেরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনুদানের টাকা পাঠানো হয়।
অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojna) ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে, কারণ ওই আবেদনকারীরা প্রকল্পের নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ করতে পারেননি। তাঁর কথায়, “২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। তাঁরা যোগ্যতা পূরণ করতে পারেনি। সরকারি টাকা যোগ্য আবেদনকারীরাই পাবেন। আমরা চাই না কোনও অযোগ্য এই প্রকল্পের সুবিধা পান।”
এরপর উপস্থিত উপভোক্তাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) প্রশ্ন করেন, “এইটা কি ভুল?” স্টেডিয়াম জুড়ে একসঙ্গে উত্তর আসে, “না।” সেই জবাবের পরই তিনি ফের স্পষ্ট করে জানান, সরকারি প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখাই সরকারের লক্ষ্য এবং প্রকৃত প্রাপকদের কাছেই সরকারি অর্থ পৌঁছে দেওয়া হবে।
প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পর অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojna) নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। প্রথমে বলা হয়েছিল, আগের সরকারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যারা পেতেন তারা এবার থেকে অন্নপূর্ণা যোজনার মাসিক ৩ হাজার টাকা পাবেন। এরপর ১২ পাতার ফর্ম দেখে অনেকেই আঁতকে ওঠেন, সমালোচনাও হয় বিস্তর। নতুন সরকারের তরফে বলা হয়, লক্ষ্মীর ভাণ্ডারে বহু ‘ভুয়ো’ উপভোক্তা টাকা নিত। সেইসব ঝাড়াই বাছাই করে তবে অন্নপূর্ণা ভাণ্ডারের ভাঁটা দেওয়া হবে।
এদিন শুভেন্দু বলেন, মূল আদিবাসী ও পাহাড় এলাকার বহু মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। পাশাপাশি আগের তালিকায় থাকা পুরুষ উপভোক্তাদের নাম বাদ দেওয়া হয়েছে। তাঁর (Suvendu Adhikari) স্পষ্ট বার্তা, “কোনও অভারতীয় এই প্রকল্পের টাকা পাবেন না।” তবে যাঁরা সিএএ ও এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাঁরা এই প্রকল্পের (Annapurna Yojna) সুবিধা পাবেন বলেও জানান তিনি।
১২ পাতার আবেদনপত্র নিয়ে ওঠা বিতর্কেরও জবাব দেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। তাঁর দাবি, ফর্মটি যত বড় দেখায়, বাস্তবে ততটা জটিল নয়। তিনি বলেন, অনেক পাতায় কোনও তথ্য লেখার প্রয়োজনই ছিল না। একবার তথ্য জমা দিলে ভবিষ্যতে রাজ্য ও কেন্দ্রের একাধিক সরকারি প্রকল্পের জন্য আলাদা করে ফর্ম পূরণ করতে হবে না বলেও জানান তিনি।


