Aaj India Desk,কলকাতা: পশ্চিমাঞ্চলের জেলাগুলির উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে আজ, মঙ্গলবার বাঁকুড়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরকে ঘিরে গুরুত্বপূর্ণ রিভিউ বৈঠকে যোগ দেবেন তিনি। এই বৈঠকে সাত জেলার প্রশাসনিক আধিকারিক, বিধায়ক এবং ব্লকস্তরের আধিকারিকদের সঙ্গে উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা।
৭ জেলার উন্নয়ন নিয়ে পর্যালোচনা
পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের আওতায় রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম-সহ মোট সাতটি জেলা। মূলত এই জেলাগুলির গ্রামীণ এলাকার পরিকাঠামো এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের দায়িত্ব রয়েছে এই দফতরের উপর। জানা গিয়েছে, আগের সরকারের শেষ তিন বছরে এই পর্ষদের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ না হওয়ায় বেশ কিছু প্রকল্পের কাজ থমকে ছিল।
বাজেটে বরাদ্দ ১৬০০ কোটির বেশি
রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রথম বাজেটেই পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। চলতি রাজ্য বাজেটে এই দফতরের জন্য ১৬০০ কোটি টাকারও বেশি বরাদ্দ রয়েছে। সেই অর্থ কীভাবে সাত জেলার ৭৪টি ব্লকে কাজে লাগানো হবে, তা নিয়েই মূলত মঙ্গলবারের বৈঠকে আলোচনা হবে।
বৈঠকে থাকছেন ৭৪ বিডিও, ৭ জেলাশাসক
বাঁকুড়া জেলা পরিষদ ভবনে দুপুর ১টার পর শুরু হওয়ার কথা এই রিভিউ বৈঠক। বৈঠকে ৭৪টি ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সাত জেলার জেলাশাসক এবং ৪৬ জন বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যেই প্রতিটি ব্লকের জন্য আড়াই কোটি টাকা করে বরাদ্দের বিষয়ে রাজ্যের তরফে চিঠি দেওয়া হয়েছে। সেই অর্থ কোন খাতে এবং কীভাবে খরচ হবে, তা নিয়েও মুখ্যমন্ত্রী বিস্তারিত আলোচনা করতে পারেন।
দফতর নিজের হাতেই রেখেছেন মুখ্যমন্ত্রী
পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতর নিজের হাতেই রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে আজকের বৈঠককে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বৈঠকে বিভিন্ন জেলার উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, অর্থের ব্যবহার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে।
অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা
প্রশাসনিক বৈঠকের পাশাপাশি বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানার পরিবারের একটি অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে। কর্মসূচি শেষে বাঁকুড়া থেকে হেলিকপ্টারে অন্ডাল বিমানবন্দরে যাবেন তিনি। সেখান থেকে বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে ফেরার কথা মুখ্যমন্ত্রীর।


