মুর্শিদাবাদ: গত শুক্রবার মুর্শিদাবাদের বহরমপুরের কাছে কর্ণসুবর্ণ রেলগেটে ট্রেনের সঙ্গে পুলকারের সংঘর্ষ (Murshidabad train accident) কেড়ে নিয়েছে ৫ টি প্রাণ। যাঁদের মধ্যে ৪ জন ছিল খুদে স্কুল পড়ুয়া। আজ, অর্থাৎ বৃহস্পতিবার সেই দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সভামঞ্চে যাওয়ার আগেই গোবিন্দপুরে মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে শুভেন্দু। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। রাজ্যের তরফে মৃতদের পরিবারগুলির হাতে আর্থিক সহায়তাও তুলে দেওয়া হয়।
স্বজনহারাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “চোখের জল ছাড়া আমার ব্যক্তিগতভাবে দেওয়ার কিছু নেই। তবে আমার পক্ষে যা সম্ভব, আমি করব।” পরে সভামঞ্চ থেকে তিনি (Suvendu Adhikari) জানান, “ফুলের মতো ছোট ছোট বাচ্চাগুলো যেভাবে দুর্ঘটনার শিকার হয়েছে, তার দুঃখ প্রকাশের ভাষা নেই। অর্থ দিয়ে এই ক্ষতি পূরণ হয় না। তবে সরকারের দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব সরকার পালন করছে।”
দুর্ঘটনার কারণ নিয়ে মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিক তদন্তে রেল ও পুলিশের রিপোর্টে গেটম্যানের চরম গাফিলতির ইঙ্গিত মিলেছে। তাঁর কথায়, “গেটম্যানের দায়িত্বজ্ঞানহীনতার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। এই অপরাধ ক্ষমার অযোগ্য। আমি কথা দিচ্ছি, দোষী কঠোরতম শাস্তি পাবে।” পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির অন্যান্য দাবিও সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করবে বলে আশ্বাস দেন তিনি (Suvendu Adhikari)। জানা গিয়েছে, সভা শেষে হাসপাতালে গিয়ে দুর্ঘটনায় আহতদের সঙ্গেও দেখা করবেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, গত ১৭ জুলাই মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝের লেভেল ক্রসিংয়ে রেলগেট খোলা থাকা অবস্থায় দ্রুতগতির ট্রেন একটি পুলকার ও একটি সাইকেলকে ধাক্কা দেয় (Murshidabad train accident)। ঘটনায় ৪ স্কুলপড়ুয়াসহ মোট ৫ জনের মৃত্যু হয় এবং আহত হন আরও কয়েকজন। তদন্তে অভিযোগ ওঠে, গেটম্যান নেশাগ্রস্ত অবস্থায় দায়িত্ব পালন করছিলেন এবং সময়মতো রেলগেট বন্ধ করেননি। ঘটনার দিনই তাঁকে সাসপেন্ড করা হয় এবং পরে বহরমপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।


