30 C
Kolkata
Thursday, August 20, 2026
spot_img

উৎসবের আগেই চিনির দামে আগুন! মজুতের সময়সীমা কমিয়ে ১৫ দিন করল কেন্দ্র

Aaj India Desk, নয়াদিল্লি: উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই দেশে চিনির দাম (Price of sugar) বেড়ে চলেছে। বাজারে সরবরাহ ঠিক রাখা এবং বড় ক্রেতাদের অতিরিক্ত চিনি মজুত করে রাখার প্রবণতা আটকাতে এবার আরও কড়া সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার (Central Government)। কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন দফতর (DFPD) জানিয়েছে, যে সব বড় প্রতিষ্ঠান মাসে ১০ মেট্রিক টনের বেশি চিনি ব্যবহার করে, তারা সর্বোচ্চ ১৫ দিনের প্রয়োজনের সমান চিনি মজুত রাখতে পারবে। আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে এই নিয়ম কার্যকর হবে এবং ৩০ নভেম্বর পর্যন্ত তা চলবে।

এর আগে জুলাই মাসে বড় ক্রেতা ও ব্যবসায়ীদের জন্য মজুত রাখার সীমা ৩০ দিন করা হয়েছিল। কিন্তু তাতেও চিনির দাম কমেনি। Reuters-এর রিপোর্ট অনুযায়ী, গত এক মাসে দেশে চিনির দাম প্রায় ১০ শতাংশ বেড়ে রেকর্ড স্তরে পৌঁছেছে। পরিস্থিতি সামলাতেই এবার মজুতের সময়সীমা আরও কমিয়ে অর্ধেক করা হল।

কোন কোন সংস্থার ক্ষেত্রে এই নিয়ম?

নতুন নিয়ম মূলত বড় প্রাতিষ্ঠানিক ক্রেতাদের জন্য। যেসব সংস্থা মাসে গড়ে ১০ মেট্রিক টন বা তার বেশি চিনি ব্যবহার করে, তাদের এই নিয়ম মানতে হবে। এর মধ্যে রয়েছে বিস্কুট ও মিষ্টি তৈরির সংস্থা, কনফেকশনারি ব্যবসা, সফ্ট ড্রিঙ্ক প্রস্তুতকারক, খাদ্য প্রক্রিয়াকরণ সংস্থা এবং অন্যান্য বড় ক্রেতা।

এই সীমা ঠিক করার ক্ষেত্রে গত এক বছরের গড় মাসিক চিনি ব্যবহারের হিসাব ধরা হবে। চলতি মাসের ব্যবহার এই হিসাবের মধ্যে থাকবে না। তবে কেন্দ্র ও রাজ্য সরকারের অধীন প্রতিষ্ঠান, কেন্দ্রশাসিত অঞ্চল এবং স্থানীয় প্রশাসনের সংস্থাগুলিকে এই নিয়মের বাইরে রাখা হয়েছে।

কেন মজুতের সময় কমাল কেন্দ্র?

সামনে উৎসবের মরশুম। গণেশ চতুর্থী, দুর্গাপুজো এবং দীপাবলির মতো একের পর এক উৎসব থাকায় অগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চিনির চাহিদা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। এই সময় মিষ্টি, বিস্কুট, কনফেকশনারি এবং বিভিন্ন খাদ্যপণ্য তৈরির সংস্থাগুলি আগেভাগেই বেশি পরিমাণে চিনি কিনে রাখে। ফলে বাজারে সরবরাহ কমে গিয়ে দাম আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়। সেই পরিস্থিতি এড়াতেই বড় ক্রেতাদের মজুতের সুযোগ কমানো হয়েছে।

শুধু মজুত নয়, আবহাওয়াও চিনির বাজারে চাপ তৈরি করছে। কোথাও অতিরিক্ত বৃষ্টি, আবার কোথাও বৃষ্টির ঘাটতির কারণে আখের ফলন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আখ চাষে প্রচুর জলের প্রয়োজন হওয়ায় আবহাওয়ার পরিবর্তনের প্রভাব সরাসরি উৎপাদনে পড়তে পারে। ফলে ভবিষ্যতে চিনির সরবরাহ নিয়েও চাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

চিনি আমদানির সম্ভাবনাও রয়েছে

চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্র আরও কয়েকটি পদক্ষেপের কথা ভাবছে বলে Reuters-এর রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে সীমিত পরিমাণে শুল্কমুক্ত চিনি আমদানির বিষয়টিও রয়েছে। এমন সিদ্ধান্ত হলে দীর্ঘ সময় পর ফের বিদেশ থেকে চিনি আমদানির সুযোগ তৈরি হতে পারে। তবে আমদানির বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র।

ভারতে উৎসবের মরশুমে চিনির চাহিদা দ্রুত বেড়ে যায়। তাই সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত বাজারে পর্যাপ্ত সরবরাহ বজায় রাখাই এখন কেন্দ্রের মূল লক্ষ্য। ১৫ দিনের নতুন মজুতসীমা চালু হওয়ার পর বাজারে চিনির জোগান বাড়ে কি না এবং এর ফলে সাধারণ মানুষের কাছে চিনির দাম কিছুটা কমে কি না, সেটাই এখন দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন