Aaj India Desk, পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ফের ভয়াবহ বন্যা পরিস্থিতি। শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বাড়ায় ঘাটাল শহরের একাধিক এলাকা জলমগ্ন (Ghatal Flood)। তার মধ্যেই চলছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টার পরীক্ষা। জলমগ্ন পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পরীক্ষার্থীদের কোথাও নৌকার সাহায্য নিতে হচ্ছে, কোথাও আবার জল পেরিয়ে কেন্দ্রে যেতে হচ্ছে। পরিস্থিতির জেরে ঘাটাল যোগদা সৎসঙ্গ শ্রীযুক্তেশ্বর বিদ্যাপীঠের পরীক্ষাকেন্দ্র ঘাটাল কলেজে সরিয়ে নেওয়া হয়েছে।
২৮ সেপ্টেম্বর ঘাটাল যোগদা সৎসঙ্গ শ্রীযুক্তেশ্বর বিদ্যাপীঠে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিল। এই কেন্দ্রে মোট ৯টি স্কুলের পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার কথা। কিন্তু বন্যার জলে স্কুল চত্বর কার্যত জলমগ্ন হয়ে পড়ায় পরীক্ষার্থীদের যাতায়াত নিয়ে তৈরি হয় সমস্যা।
স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে পড়ুয়াদের নৌকায় করে ঘাটাল কলেজে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। জলমগ্ন স্কুল চত্বরে বেঞ্চ দিয়ে অস্থায়ী পথ তৈরি করে পরীক্ষার্থীদের চলাচলের ছবিও সামনে এসেছে।(Ghatal Flood)
শিলাবতী নদীর জলস্তর বেড়ে ঘাটাল শহরের ১২টি ওয়ার্ড নতুন করে জলমগ্ন হয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে YSS বিদ্যাপীঠের পরীক্ষাকেন্দ্র সোমবার থেকে ঘাটাল কলেজে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক প্রণবেন্দু দে।
শুধু শহর নয়, ঘাটাল ব্লকের বিস্তীর্ণ এলাকাতেও বন্যার জল ঢুকেছে। দেওয়ানচক-১ ও ২, অজবনগর-১ ও ২, মোহনপুর, বীরসিংহ, ইড়পালা, সুলতানপুর, মনসুকা-সহ একাধিক এলাকায় জলমগ্ন পরিস্থিতির খবর রয়েছে। শিলাবতীর জল বাড়ায় চন্দ্রকোনার মানিককুণ্ডু এলাকার বাঁধ ভেঙেও পার্শ্ববর্তী এলাকায় জল ঢুকেছে।(Ghatal Flood)
এই পরিস্থিতির মধ্যেই ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবকে ২৭ সেপ্টেম্বর পুরীর জগন্নাথ মন্দিরে দেখা যায়। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, তিনি বাবাকে সঙ্গে নিয়ে মন্দিরে পুজো দেন, মন্দিরের সামনে ছবি তোলেন এবং সোশ্যাল মিডিয়ায় ‘জয় জগন্নাথ’ লিখে পোস্ট করেন। একই সময়ে তিনি ‘দাদাগিরি’-র শুটিং এবং ‘দেশু ৭’-এর প্রচারেও ব্যস্ত ছিলেন।
যে সময় ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলের তলায়, পরীক্ষার্থীদের নৌকায় চেপে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হচ্ছে, সেই সময় সাংসদ দেবের পুরী সফরের ছবি সামনে আসায় স্থানীয়দের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলে দাবি। তাঁদের প্রশ্ন, বন্যায় যখন সাধারণ মানুষ ও পড়ুয়ারা চরম সমস্যায়, তখন এলাকার সাংসদকে কেন ঘাটালে দেখা গেল না? সব মিলিয়ে, ঘাটালে বন্যার জল যত বাড়ছে, ততই সামনে আসছে সাধারণ মানুষের ক্ষোভ।


