Aaj India Desk, কলকাতা : লোকসভার অষ্টম অধিবেশন (Lok Sabha Eighth Session) নিয়ে প্রথম থেকেই জল্পনা তুঙ্গে। এবার সেই অধিবেশনে কোন কোন বিল উত্থাপন ও বিবেচনার জন্য আনা হবে, তার বিস্তারিত তালিকা দিলো কেন্দ্রীয় সরকার। এর মধ্যে রয়েছে পাঁচটি নতুন বিল। পাশাপাশি, আগে থেকেই লোকসভায় উপস্থাপিত দুটি বিলও এই অধিবেশনে বিবেচনা ও পাস করানোর জন্য তালিকাভুক্ত করা হয়েছে। আইন, বিচারব্যবস্থা, কর কাঠামো, জন্ম-মৃত্যু নিবন্ধন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনী এই তালিকায় রয়েছে।
অর্ডিন্যান্সের পরিবর্তে আসছে দুটি নতুন বিল
এই বাদল অধিবেশনে (Lok Sabha Eighth Session) সরকার অর্ডিন্যান্সের বদলে আয়কর (সংশোধনী) বিল, ২০২৬ এবং সুপ্রিম কোর্ট (বিচারপতির সংখ্যা) সংশোধনী বিল, ২০২৬ এই দুটি বিল আনতে বদ্ধপরিকর। আয়কর সংশোধনী বিলের লক্ষ্য ভারতের সার্বভৌম ঋণ বাজারকে আরও শক্তিশালী করা, বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণ এবং বাজারে তারল্য বৃদ্ধি করা। বর্তমান আন্তর্জাতিক অর্থনৈতিক অস্থিরতা, ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা, অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থার বিঘ্নের প্রেক্ষিতে এই সংশোধন আনার প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে, সুপ্রিম কোর্ট (বিচারপতির সংখ্যা) সংশোধনী বিলের মাধ্যমে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বর্তমান ৩৩ থেকে বাড়িয়ে ৩৭ করার প্রস্তাব রাখা হয়েছে। তবে এতে প্রধান বিচারপতিকে অন্তর্ভুক্ত করা হয়নি।
তিনটি নতুন সংশোধনী বিল
এই অধিবেশনে (Lok Sabha Eighth Session) জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধনী) বিল, ২০২৬-ও আনা হবে। বিলটির উদ্দেশ্য বিলম্বিত জন্ম ও মৃত্যু নিবন্ধনের নিয়ম আরও কঠোর করা। এছাড়া জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ (সংশোধনী) বিল, ২০২৬-এর মাধ্যমে ১৯৭১ সালের আইনে সংশোধনের প্রস্তাব রয়েছে।
অন্যদিকে, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প উন্নয়ন (সংশোধনী) বিল, ২০২৬-এর লক্ষ্য MSME আইনে পরিবর্তন এনে ব্যবসা সহজ করা, বকেয়া অর্থপ্রদান সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা শক্তিশালী করা এবং MSME Facilitation Council গঠনে রাজ্যগুলিকে আরও নমনীয়তা দেওয়া।
আগের কোন দুটি বিল বিবেচনায় ?
নতুন বিলের পাশাপাশি, বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) সংশোধনী বিল, ২০২৬-ও এই অধিবেশনে বিবেচনার জন্য তালিকাভুক্ত হয়েছে। বিলটি ২৫ মার্চ, ২০২৬-এ লোকসভায় উপস্থাপিত হয়েছিল এবং এবার তা পাসের জন্য আনা হতে পারে। এছাড়া রয়েছে বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল, ২০২৫ যা ১৫ ডিসেম্বর, ২০২৫-এ লোকসভায় উত্থাপিত হয়েছিল।
সরকারি তালিকা অনুযায়ী, পাঁচটি নতুন বিলের ক্ষেত্রেই উপস্থাপন, বিবেচনা এবং পাস এই তিনটি ধাপের প্রস্তাব রাখা হয়েছে। অন্যদিকে, পূর্বে উপস্থাপিত দুটি বিলের ক্ষেত্রে মূলত বিবেচনা ও পাস করানোর লক্ষ্য রয়েছে। ফলে অষ্টম অধিবেশন আইন প্রণয়নের দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে ধারণা ওয়াকিবহাল মহলের।


