26.8 C
Kolkata
Thursday, August 6, 2026
spot_img

টুলুর খোঁজে তল্লাশি শ্বশুরবাড়িতে! পুলিশের নজরে দুই শ্যালকের সম্পত্তি!

Aaj India Desk, কলকাতা : এখনও অধরা বীরভূমের তথাকথিত ‘স্টোন কিং’ টুলু মণ্ডল (Tulu Mandal)। তিনি কোথায়, তা এখনও নিশ্চিত করতে পারেননি তদন্তকারীরা। তবে তাঁকে খুঁজতে গিয়ে এবার এমন এক জায়গায় পৌঁছেছে পুলিশের তদন্ত, যা ঘিরে নতুন করে বাড়ছে জল্পনা। বীরভূমের পারুইয়ে টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। সেখান থেকে উদ্ধার হয়েছে একাধিক ব্যাগ। তদন্তকারীদের প্রাথমিক সন্দেহ, ওই ব্যাগগুলিতে নগদ টাকা থাকতে পারে। যদিও বিষয়টি এখনও যাচাই করা হচ্ছে। শুধু ব্যাগ উদ্ধারই নয়, তদন্তের নজরে এসেছে টুলুর দুই শ্যালকের বিপুল সম্পত্তিও। কীভাবে এত অল্প সময়ে তাঁদের ব্যবসা ও সম্পত্তির বিস্তার ঘটল, তার উৎস খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

তদন্তের কেন্দ্রবিন্দুতে টুলুর দুই শ্যালক

বুধবার টুলু মণ্ডলের (Tulu Mandal) খোঁজে তাঁর শ্বশুরবাড়িতে হানা দেয় পুলিশ। সেখানে তাঁর খোঁজ  না মিললেও তদন্তের পরিধি ক্রমশ বাড়ছে। এবার তদন্তকারীদের নজরে এসেছেন তাঁর দুই শ্যালক শামসুল আলম ওরফে মিঠু এবং নুর আলম ওরফে মিন্টু। তাঁদের আর্থিক লেনদেন, ব্যবসার বিস্তার এবং বিপুল সম্পত্তির উৎস খতিয়ে দেখা হচ্ছে। টুলুর ব্যবসায়িক নেটওয়ার্কের সঙ্গে তাঁদের কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ ছিল কি না, তাও খতিয়ে দেখাই তদন্তকারীদের লক্ষ্য।

স্থানীয় সূত্রের দাবি, মিঠু ও মিন্টু পারুইয়ের আদি বাসিন্দা নন। তাঁদের পৈতৃক বাড়ি পাশের তালিপুর গ্রামে। ২০১১-১২ সালের দিকে তাঁরা পারুইয়ে বসবাস শুরু করেন। এরপর থেকেই তাঁদের ব্যবসায়িক কার্যকলাপ দ্রুত বাড়তে শুরু করে বলে এলাকাবাসীর একাংশের দাবি।

পাথর ব্যবসায় কীভাবে উত্থান?

স্থানীয়দের দাবি, টুলু মণ্ডল (Tulu Mandal) পাথর ব্যবসায় প্রভাবশালী হয়ে ওঠার পরই তাঁর দুই শ্যালকও একই ব্যবসায় নামেন। এর আগে তাঁদের একজন চাল কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন, অন্যজন গাড়ি চালানোর কাজ করতেন বলে দাবি এলাকাবাসীর। কিন্তু অল্প সময়ের মধ্যেই তাঁদের ব্যবসার পরিধি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বর্তমানে তাঁদের আলাদা আলাদা পাথরের ডিপো রয়েছে। এছাড়াও তাঁদের মালিকানায় প্রায় ৪০টি ডাম্পার রয়েছে। এলাকার বহু বাসিন্দার দাবি, ওই ডাম্পারগুলির গায়ে ‘MSP’ লেখা রয়েছে। স্থানীয়দের একাংশের ধারণা, ‘MSP’র অর্থ ‘Mandal Stone Production’।

সম্পত্তির উৎস নিয়ে বাড়ছে প্রশ্ন

তদন্তকারীরা এখন মূলত দুই ভাইয়ের সম্পত্তির উৎস এবং আর্থিক লেনদেনের নথি খতিয়ে দেখছেন। কীভাবে তাঁদের ব্যবসা এত দ্রুত বিস্তার লাভ করল, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। স্থানীয়দের একাংশের দাবি, এই সম্পত্তির উৎস যাচাই করতেই পারুইয়ের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। তল্লাশিতে উদ্ধার হওয়া একাধিক ব্যাগ, বিভিন্ন নথি এবং অন্যান্য সামগ্রীও পরীক্ষা করে দেখা হচ্ছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া তথ্যপ্রমাণ থেকে টুলু মণ্ডলের আর্থিক লেনদেন এবং ব্যবসায়িক নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র মিলতে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন