Aaj India Desk, কলকাতা: বেসরকারি দোকান থেকে ওষুধ (Medicine) কিনতে গিয়ে অনেক সময়ই রোগীর পরিবারের মাথায় হাত পড়ে। বিশেষ করে স্টেন্ট, ক্যানসারের ওষুধ বা চোখের লেন্সের মতো দামি চিকিৎসা সামগ্রী কিনতে গেলে খরচ আরও বেড়ে যায়। এবার সেই বাড়তি খরচ কিছুটা কমাতেই সরকারি হাসপাতালগুলিতে ‘অমৃত ফার্মেসি’(Amrit Pharmacy) চালু করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার (State Government)।
এই ফার্মেসি থেকে সাধারণ ওষুধের পাশাপাশি বিভিন্ন দামি চিকিৎসা সামগ্রীও তুলনামূলক কম দামে পাওয়া যাবে। জানা যাচ্ছে, কিছু ক্ষেত্রে ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় মিলতে পারে। ফলে দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছে এমন রোগী বা বড় অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে—এমন পরিবারের জন্য এই পরিষেবা বেশ গুরুত্বপূর্ণ হতে পারে।
স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, প্রথম ধাপে রাজ্যের প্রায় ১০০টি সরকারি হাসপাতালে ‘অমৃত ফার্মেসি’ চালু করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই কোন কোন হাসপাতালে এই পরিষেবা দেওয়া হবে, তা চিহ্নিত করার কাজ এগিয়েছে। বড় মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা হাসপাতাল থেকেই সহজে প্রয়োজনীয় ওষুধ বা চিকিৎসার সামগ্রী কিনতে পারেন।
এই পরিষেবা চালানোর জন্য একটি সংস্থার সঙ্গে রাজ্য সরকারের ইতিমধ্যেই সমঝোতাও হয়েছে। তবে ছাড়ে ওষুধ বা সামগ্রী কিনতে গেলে চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাতে হতে পারে। কিছু ক্ষেত্রে পরিচয়পত্রও প্রয়োজন হতে পারে। সবচেয়ে বড় বিষয়, স্টেন্টের মতো দামি চিকিৎসা সামগ্রীতে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার ব্যবস্থা থাকছে। পাশাপাশি ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ এবং চোখের চিকিৎসার প্রয়োজনীয় লেন্সও কম দামে পাওয়ার সুযোগ থাকবে।
স্বাস্থ্য পরিষেবায় এই উদ্যোগের মূল লক্ষ্য হল চিকিৎসার সময় রোগীর পরিবারের উপর আর্থিক চাপ কমানো। আগামী দিনে আরও সরকারি হাসপাতালে এই পরিষেবা চালু হলে দামি ওষুধ ও চিকিৎসা সামগ্রী কেনার ক্ষেত্রে বহু পরিবার কিছুটা স্বস্তি পেতে পারে।


