Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগনা : সাধারণ নির্বাচনের সময় ইভিএম কারচুপির অভিযোগ ঘিরে ফলতা ব্লকে উত্তেজনার পর নির্বাচন কমিশন গোটা কেন্দ্রেই পুনর্নির্বাচনের নির্দেশ দেয়। সেই পুনর্নির্বাচন হবে ২১ মে। কিন্তু তার আগেই এলাকার রাজনৈতিক উত্তাপ বাড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে নির্বাচনী সভা থেকে তিনি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে তীব্র আক্রমণ করেন।
জাহাঙ্গিরকে পুষ্পা বলে কটাক্ষ
সভা থেকে জাহাঙ্গির খানকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “ওই ডাকাতটা কোথায়? পুষ্পা না কী যেন নাম, এখন দেখা পাওয়া যাচ্ছে না কেন?” তিনি আরও দাবি করেন, সাধারণ নির্বাচনের সময় ওঠা অভিযোগগুলির তদন্ত হবে এবং ফলতায় কোনও অশান্তি বরদাস্ত করা হবে না। ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার প্রসঙ্গ টেনে শুভেন্দুর দাবি, জাতীয় মানবাধিকার কমিশনের তৈরি ১৯ জন অভিযুক্তের তালিকায় জাহাঙ্গির খানের নাম ছিল। তাঁর বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
উল্লেখ্য, ২০২৬ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান ও উত্তরপ্রদেশের ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ আইপিএস অফিসার অজয় পাল শর্মার মধ্যে তুমুল বিতর্ক শুরু হয়েছিল। সেই সময় অজয় শর্মা জাহাঙ্গিরের পরিবার ও অনুসারীদের সতর্ক করে বলেন, “ভয় দেখালে কড়া ব্যবস্থা নেওয়া হবে, পরে কাঁদতে হবে না”। এর জবাব দিতে জাহাঙ্গির খান পালটা বলেন, “উনি সিংহম হলে আমি পুষ্পা, ঝুকেগা নেহি” এবং অজয় পালকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। সেই মন্তব্য ধরেই আজ জাহাঙ্গিরকেই ফের কটাক্ষ করলেন শুভেন্দু।
নাম না নিয়েই হুঁশিয়ারি
সভা থেকে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘ভাইপোবাবু’ বলে উল্লেখ করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, “লিপস অ্যান্ড বাউন্স” সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে এবং কলকাতায় ওই সংস্থার ২৪টি সম্পত্তির খোঁজ মিলেছে। আমতলায় বড় অফিস থাকার কথাও উল্লেখ করেন তিনি। এই সমস্ত সম্পত্তির হিসাব চাওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
ফলতায় আসার পথে স্থানীয় মানুষের সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন শুভেন্দু। তাঁর দাবি, বহু মানুষ অভিযোগ করেছেন যে অতীতে তাঁরা স্বাধীনভাবে ভোট দিতে পারেননি। তবে এবার কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে শান্তিপূর্ণ ভোট হবে বলে আশ্বাস দেন তিনি। পাশাপাশি বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডাকে বড় ব্যবধানে জেতানোর আহ্বান জানান। বিজেপি জিতলে ফলতার জন্য বিশেষ উন্নয়ন প্যাকেজ দেওয়ার প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী। ডায়মন্ড হারবার পুলিশ জেলার আধিকারিকদের উদ্দেশে তিনি বলেন, অতীতের কল রেকর্ড ও হোয়াটসঅ্যাপ চ্যাট সংক্রান্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের উপর অত্যাচারের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন মুখ্যমন্ত্রী।


