28 C
Kolkata
Wednesday, April 15, 2026
spot_img

থানার সামনে বিক্ষোভ, হঠাৎ ফোন এল CEO-র—সজলকে কী জানালেন?

Aaj India Desk, উত্তর ২৪ পরগনা: সোমবার গভীর রাতে তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উত্তেজনা ছড়ায় বরাহনগরে। বিজেপির অভিযোগ, তাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। দাবি করা হচ্ছে, প্রচার কর্মসূচি শেষ হতেই আচমকা কয়েকজন তৃণমূল ঘনিষ্ঠ ব্যক্তি বিজেপি কর্মীদের উপর চড়াও হয়।

ঘটনার প্রতিবাদে বরাহনগর থানার সামনে বিক্ষোভে সামিল হন বিজেপি প্রার্থী সজল ঘোষ। তাঁর স্পষ্ট দাবি, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করতে হবে। বিক্ষোভ চলাকালীনই তাঁকে ফোন করেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তিনি পুরো ঘটনার তদন্তের আশ্বাস দেন এবং শান্তিপূর্ণভাবে ভোট পরিচালনার প্রতিশ্রুতি দেন।

জানা গিয়েছে, সোমবার রাতে বরাহনগরের ৭ নম্বর ওয়ার্ডের আমতলায় বিজেপির একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। সজল ঘোষের অভিযোগ, সভা মিটতেই সেখানে হাজির হয় তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতীরা। প্রথমে বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হয় এবং গালিগালাজ করা হয় বলে অভিযোগ। এরপর আচমকাই তাঁদের উপর হামলা চালানো হয়। এমনকি বন্দুকের বাট দিয়েও মারধরের অভিযোগ উঠেছে। বিজেপির দাবি, এই ঘটনায় তাদের তিন থেকে চারজন কর্মী আহত হয়েছেন।

সজল ঘোষ আরও অভিযোগ করেন, তৃণমূলের নেতা অজয় গুপ্তার নেতৃত্বেই এই হামলা হয়েছে। তাঁর দাবি, এর আগেও অজয় গুপ্তা ও তাঁর অনুগামীরা বিজেপি কর্মীদের উপর হামলা চালিয়েছিল। সে সময় পুলিশকে জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী। তাঁর বক্তব্য, পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে, এমনকি কেন্দ্রীয় বাহিনীও সেখানে উপস্থিত ছিল। তবুও পরিস্থিতি সামাল দিতে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। এরপরই বিজেপি কর্মীদের নিয়ে থানায় পৌঁছে বিক্ষোভে সামিল হন সজল ঘোষ। পাশাপাশি, একাধিক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়েরের কথাও জানান এবং দ্রুত গ্রেফতারের দাবি তোলেন।

বিক্ষোভ চলাকালীন মনোজ আগরওয়ালের সঙ্গে ফোনে কথা বলে নিজের অভিযোগ জানান সজল ঘোষ। তিনি ‘বাংলাকে বাঁচানোর’ আবেদনও জানান। পরে সকলের সামনে সেই কথোপকথনের বিবরণ তুলে ধরে সজল জানান, মুখ্য নির্বাচনী আধিকারিক আশ্বাস দিয়েছেন যে ভোট নির্বিঘ্ন ও নির্ভয়ে সম্পন্ন হবে। অজয় গুপ্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস মিলেছে।

এছাড়াও, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে মনোজ আগরওয়াল জানান, পুলিশের নির্দেশ ছাড়া কেন্দ্রীয় বাহিনী কোনও পদক্ষেপ নিতে পারে না। ফলে পুলিশের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে সেটিও খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

দীর্ঘক্ষণ থানার সামনে বিক্ষোভ চলার পর পুলিশ সজল ঘোষকে জানায়, ঘটনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি বিজেপিকে লিখিত অভিযোগ জমা দেওয়ার কথাও বলা হয়। তবে রাত পর্যন্ত সেই লিখিত অভিযোগ জমা পড়েনি বলেই খবর।

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন