32.8 C
Kolkata
Monday, August 10, 2026
spot_img

টুলুর ‘নিরাপদ ঘাঁটি’য় পুলিশি হানা! সোনাঝুড়ি থেকে আটক আরও ৩ অনুগামী!

Aaj India Desk, বীরভূম : দেউচায় বিপুল নগদ ও সোনা উদ্ধারের পর থেকেই তদন্তকারীদের নজরে রয়েছেন বীরভূমের বিতর্কিত ব্যবসায়ী নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল (Tulu Mondal)। এবার সেই তদন্তের সূত্র ধরেই শান্তিনিকেতনের সোনাঝুড়ি সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁর তিন অনুগামীকে আটক করল পুলিশ। দীর্ঘদিন ধরে ওই বাড়িতে তাঁদের আশ্রয় ছিল বলে জানা গিয়েছে। পাশাপাশি ওই বাড়ির সামনেই টুলুর শ্যালকের গাড়ি পাওয়া গেছে। ঘটনার জেরে ফের নতুন করে উঠছে প্রশ্ন।

সোনাঝুড়ি এলাকার ওই বাড়িতে বেশ কিছুদিন ধরেই নজর ছিল পুলিশের। এরপর সোমবার সেখানে অভিযান চালানো হয়। অভিযানে টুলু মণ্ডলের (Tulu Mondal) ঘনিষ্ঠ বলে পরিচিত তিন ব্যক্তিকে আটক করা হয়। তাঁদের সঙ্গে টুলুর বর্তমান অবস্থান বা সাম্প্রতিক কার্যকলাপের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

অভিযান চালানো বাড়িটির প্রবেশদ্বারের সামনে দীর্ঘদিন ধরে একটি গাড়ি পড়ে রয়েছে বলেও তদন্তে উঠে এসেছে। গাড়িটির মালিক টুলুর শ্যালক মহম্মদ শামসুর আলম। কেন গাড়িটি দীর্ঘদিন ধরে ওই বাড়ির সামনে পড়ে রয়েছে এবং এর সঙ্গে চলতি তদন্তের কোনও যোগসূত্র রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে পুলিশের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

উল্লেখ্য, এর আগে বীরভূমের মহম্মদবাজার থানার দেউচা এলাকায় টুলুর (Tulu Mondal) নিকট আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে অভিযান চালিয়েছিল পুলিশ। সেখান থেকে নগদ প্রায় ২৮.৫ কোটি টাকা এবং প্রায় ১৫ কেজি সোনার বার উদ্ধারের দাবি করেছে পুলিশ। এই ঘটনায় জেলা পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল। সেই মামলাতেই মূল অভিযুক্ত ছিলেন টুলু মণ্ডল। তাঁর বিরুদ্ধে খুন-সহ একাধিক বেআইনি কার্যকলাপের অভিযোগ রয়েছে বলে তদন্তকারীদের দাবি। তবে এখনও তাঁকে আটক করতে পারেনি পুলিশ। গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, তিনি সীমান্ত পেরিয়ে অন্য দেশে আশ্রয় নিয়ে থাকতে পারেন। যদিও তাঁর বর্তমান অবস্থান সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য মেলেনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন