31 C
Kolkata
Saturday, August 29, 2026
spot_img

‘পুলিশ চাইলে সব পারে’, ২২০ কোটি বাজেয়াপ্তের উদাহরণ দিয়ে বীরভূম পুলিশকে কুর্নিশ শুভেন্দুর

Aaj lndia Desk,বীরভূম: বীরভূমে প্রশাসনিক বৈঠক শেষে পুলিশের কাজের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর তিনি জানান। বীরভূম জেলা পুলিশের সাম্প্রতিক কয়েকটি পদক্ষেপের কথা তুলে ধরে রাজ্য পুলিশের সক্ষমতার বিষয়ে নিজের মত জানান মুখ্যমন্ত্রী।

শুভেন্দুর দাবি, একটি ঘটনায় প্রায় ২২০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। একই অভিযানে ২৫২টি গাড়ি আটক করা হয়েছে বলেও জানান তিনি। তাঁর বক্তব্য, কোনও বড় অনিয়ম বা অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলেই যে ED, CBI, CID কিংবা STF-এর দ্বারস্থ হতে হবে, এমনটা নয়। প্রয়োজনীয় উদ্যোগ নিলে রাজ্য কিংবা জেলা পুলিশও কার্যকরভাবে ব্যবস্থা নিতে পারে। বীরভূমের পুলিশ সেই সক্ষমতার প্রমাণ দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

রাজস্ব আদায়ের পরিসংখ্যান নিয়েও বৈঠকের পর তথ্য দেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি অনুযায়ী, গত বছর বীরভূমে এক বছরে ৮২ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল। সেখানে চলতি ব্যবস্থায় মাত্র তিন মাসের মধ্যেই ২৫৫ কোটি টাকা রাজস্ব সংগ্রহ হয়েছে।

তারাপীঠকে ঘিরেও একাধিক সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। সামনেই কৌশিকী অমাবস্যা। সেই উপলক্ষে তীর্থক্ষেত্রের পরিকাঠামো ও সৌন্দর্যায়নের জন্য আরও ৫ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। উৎসবের সময়ে আকাশপথে হেলিকপ্টার থেকে ফুল ছড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

তারাপীঠের একটি হোটেলে অগ্নিকাণ্ডের প্রসঙ্গও ওঠে বৈঠকে। অতিথিরা যাতে বাইরে বেরোতে না পারেন, সেই কারণে হোটেলের দরজায় বাইরে থেকে তালা দেওয়ার অভিযোগ নিয়ে তীব্র আপত্তি জানান শুভেন্দু। এমন ব্যবস্থা অত্যন্ত বিপজ্জনক বলে উল্লেখ করে হোটেল কর্তৃপক্ষকে এই অভ্যাস বদলানোর নির্দেশ দেন তিনি।

পুণ্যার্থীদের থাকার সুবিধার জন্য কম খরচে বড় সরকারি পর্যটন আবাস তৈরির উদ্যোগ নিতে জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ১০ অক্টোবরের মধ্যে পঞ্চায়েত, পুরসভা ও PWD-র অধীনে থাকা রাস্তা সংস্কারের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কৌশিকী অমাবস্যায় যাত্রীদের সহায়তার জন্য প্রতি পাঁচ কিলোমিটার অন্তর বিশেষ ক্যাম্প তৈরির পরিকল্পনাও রয়েছে। সেখানে পুলিশের সহায়তা কেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা, জল ও ORS-এর ব্যবস্থা থাকবে। বাউল গানের আয়োজনও করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

দেউচা-পাচামি নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, নিয়মবহির্ভূতভাবে কিছু জমির পাট্টা দেওয়া হয়েছিল এবং সেই জমির ভিত্তিতে চাকরি পাওয়ার ঘটনাও সামনে এসেছে। বেআইনি পাট্টা ও সংশ্লিষ্ট চাকরি বাতিল করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে প্রকল্পের পরবর্তী পরিকল্পনা স্পষ্ট করার আশ্বাস দেন তিনি।

তারাপীঠ ডেভেলপমেন্ট অথরিটির দুর্নীতির তদন্ত চলবে বলেও জানান শুভেন্দু। বিরোধীদের মিথ্যা মামলার অভিযোগ প্রসঙ্গে তাঁর বক্তব্য, অন্যায় করলে ব্যবস্থা নেওয়া হবে, তবে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ থামবে না। তৃণমূল নেতা অশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার ঘটনাকে দুঃখজনক বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া আগামী মাসের ১ তারিখে রাজ্য ও জেলা স্তরের সাংবাদিকদের জন্য কিছু কল্যাণমূলক সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কাছ থেকে প্রশাসনিক প্রস্তাবও চেয়েছেন তিনি। বীরভূমের সাংস্কৃতিক ঐতিহ্যের কথা তুলে ধরে জেলার পরিচয় হিসেবে তারাপীঠ, বাউল সংস্কৃতি এবং রবীন্দ্রনাথের স্মৃতির উল্লেখ করেন শুভেন্দু। পাশাপাশি বৈষ্ণব সমাজের আমন্ত্রণে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান বীরচন্দ্রপুরে যাওয়ার কথাও জানান তিনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন