Aaj lndia Desk,নয়াদিল্লি: সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করলেন এনসিপিআই সাংসদ শতাব্দী রায়। শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ প্রধানমন্ত্রীর সংসদীয় কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্রের দাবি, প্রায় ১৫ মিনিট ধরে চলা ওই বৈঠকে রাজনৈতিক ও উন্নয়ন দুই বিষয়ই গুরুত্ব পায়। যদিও সাক্ষাৎ নিয়ে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী কিংবা শতাব্দী রায়ের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি, তবুও ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।
সূত্রের খবর, বৈঠকে এনসিপিআইয়ের আগামী দিনের রাজনৈতিক অবস্থান নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি শতাব্দী রায়ের লোকসভা কেন্দ্রের একাধিক উন্নয়নমূলক প্রকল্প, পরিকাঠামো উন্নয়ন এবং কেন্দ্রীয় সহায়তায় সম্ভাব্য কাজ নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সাম্প্রতিক সময়ে এটি দ্বিতীয়বার, যখন এনসিপিআইয়ের কোনও সাংসদ প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করলেন বলে রাজনৈতিক সূত্রের দাবি।
উল্লেখ্য, গত মঙ্গলবার সংসদে এনডিএ-র ‘মঙ্গল মিলন’ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন এনসিপিআইয়ের সাংসদরা। সেই অনুষ্ঠানের মাধ্যমে এনডিএ জোটে শরিক হিসেবে দলটির সাংসদদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁদের পাশাপাশি দেখা যায় বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া ও শর্মিলা সরকারকে।
ওই বৈঠকের পর এনসিপিআইয়ের সাংসদরা স্পষ্ট জানিয়েছিলেন, বিজেপিতে যোগ দেওয়ার কোনও প্রশ্ন নেই। দলটি এনডিএ-র শরিক হিসেবেই কাজ করবে। প্রধানমন্ত্রী প্রত্যেক সাংসদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং নাম ধরে পরিচয়পর্ব সারেন বলেও তাঁরা জানান। সেই বৈঠকের কয়েকদিনের মধ্যেই শতাব্দী রায়ের প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক সাক্ষাৎ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিভিন্ন মহল। তবে বৈঠকের প্রকৃত বিষয়বস্তু নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত জল্পনা অব্যাহত থাকবে।


