কলকাতা: ‘দিদি’ বলেছিলেন, ‘মদন একটু কালারফুল ছেলে…’! মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই রঙিন প্রশংসা দিয়ে ‘ইয়েস আই অ্যাম কালারফুল বয়, তবে বেশি কালারফুল নয়’, গান গেয়েছিলেন মদন মিত্র। ভাইরাল হয়েছিল তাঁর ‘ওহ লাভলি গান’ টিও! এবার কি তবে ‘ওহ লাভলি’-কে টক্কর দিতেই আসতে চলেছে ‘ঝালমুড়ি’ (Jhalmuri Song)? ছাব্বিশের ভোটে পালাবদলের পর অনেকেই বলেছিলেন, নরেন্দ্র মোদীর ঝালমুড়ির ঝাঁজেই উল্টে গেছে মমতার সরকার!
এবার সেই ঝালমুড়ি নিয়েই গান রেকর্ড করেছেন উপমুখ্যমন্ত্রী তথা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। অন্যান্য দিনের মত সোমবারও ইকো পার্কে মর্নিং ওয়াকে দেখা যায় তাঁকে। তারপর সেখান থেকে তিনি সোজা চলে যান চিনার পার্কের একটি রেকর্ডিং স্টুডিওতে। ‘দাবাং’ দিলীপকে (Dilip Ghosh) দেখা যায় কানে হেডফোন, সামনে লিরিক স্ট্যান্ড আর রেকর্ডিং মাইকের সামনে। ইতিমধ্যেই তাঁর সেই রেকর্ডিং-এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ‘আম আচারে টক মিলবে, অল্প দাও হে ভাই…’, এই লাইন দিয়েই এগিয়েছে গানটি (Jhalmuri Song)। গানটির কথা ও সুর করেছেন লোকশিল্পী লোকেশ গিরি এবং তাঁর স্ত্রী রিমাশ্রী। বিজেপি নেতা অনুপম হাজরার ফেসবুক পেজ থেকে গানটির ঝলক প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
‘ঝালমুড়ি’ শুধু একটি জনপ্রিয় বাঙালি খাবার নয়, সাম্প্রতিক সময়ে তা রাজনৈতিক প্রতীক হিসেবেও উঠে এসেছে। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে পুরুলিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎই রাস্তার ধারের এক দোকানে দাঁড়িয়ে নিজের পকেটের টাকা দিয়ে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন। সেই দৃশ্য দেশজুড়ে আলোচনার বিষয় হয়ে ওঠে। পরে বিভিন্ন বিজেপি কর্মসূচিতেও ঝালমুড়ি পরিবেশন একপ্রকার প্রতীকী অনুষঙ্গে পরিণত হয়।
এবার সেই রাজনৈতিক স্মৃতিকেই সুরে বেঁধেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। গানটির পূর্ণাঙ্গ সংস্করণ এখনও প্রকাশ না হলেও, ভাইরাল হওয়া অংশ ইতিমধ্যেই কৌতূহল বাড়িয়েছে। রাজনীতির পাশাপাশি সাংস্কৃতিক পরিসরে দিলীপ ঘোষের এই নতুন ইনিংস কতটা জনপ্রিয়তা পায়, এখন সেদিকেই নজর।


