33.3 C
Kolkata
Saturday, July 18, 2026
spot_img

এবার বিষ্ণোই গ্যাংয়ের ‘টার্গেটে’ আমির খান! কারণ কি তৃতীয় বিয়ে?

মুম্বই: বিষ্ণোই গ্যাংয়ের হুমকি পেয়েছেন বলিউডের অনেক তারকাই। যার মধ্যে অন্যতম ছিলেন ‘ভাইজান’ সলমন খান! এবার ‘মিস্টার পারফেকশনিস্ট’-কে টার্গেট করল কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্টে আমির খানকে (Aamir Khan) প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ওই পোস্টে দাবি করা হয়েছে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (Bishnoi gang) সদস্য পরিচয়ে আরজু বিষ্ণোই এবং টাইসন বিষ্ণোই আমির খানের বিরুদ্ধে ‘লাভ জিহাদ’ প্রচারের অভিযোগ তুলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন (পোস্টটির সত্যতা যাচাই করেনি আজ ইন্ডিয়া)।

ভাইরাল পোস্টে লেখা হয়েছে, “আমির খানের মতো মানুষ আমাদের দেশে ‘লাভ জিহাদ’কে উৎসাহ দিচ্ছেন, যা আমাদের সংস্কৃতির বিরুদ্ধে। আমরা এটা মেনে নেব না। খুব শীঘ্রই তাঁকে এর ফল ভোগ করতে হবে।” আরও দাবি করা হয়েছে, তারকাখ্যাতির আড়ালে কেউ যদি এ ধরনের কর্মকাণ্ডকে উৎসাহ দেন, তাহলে তাঁদেরও ‘নিজেদের মতো করে’ জবাব দেওয়া হবে।

শুধু আমির খানই নন, ওই পোস্টে রাজস্থানের শ্রীগঙ্গানগরে ১৩ বছরের এক কিশোরীকে অপহরণ, পাচার ও যৌন নির্যাতনের ঘটনাও উল্লেখ করা হয়েছে। ওই মামলায় প্রশাসনের পদক্ষেপের প্রশংসা করা হলেও, কিছু রাজনৈতিক নেতা অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছেন বলে অভিযোগ তোলা হয়েছে। পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, আইন যদি কাউকে শাস্তি না দেয়, তাহলে তারা নিজেদের মতো ব্যবস্থা নেবে। এছাড়াও পোস্টে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (Bishnoi gang) দুই নিহত সদস্য পরভেশ এবং হিমাংশুকে ‘শহিদ’ বলে উল্লেখ করে তাঁদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার কথাও বলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফেসবুকে ছড়িয়ে পড়া ওই পোস্ট এবং একটি ভয়েস নোটের ভিত্তিতে হুমকির খবর সামনে এসেছে। ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত পোস্টটির সত্যতা বা এর সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (Bishnoi gang) সরাসরি যোগ রয়েছে কি না, তা নিশ্চিত করা যায়নি।

অন্যদিকে, সূত্রের খবর, এখনও পর্যন্ত আমির খান (Aamir Khan) বা তাঁর টিমের পক্ষ থেকে মুম্বই পুলিশের কাছে কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ জমা পড়লে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনার পর বলিউড মহলে নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি গৌরি স্প্র্যাটের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন আমির (Aamir Khan)। তৃতীয়বার বিয়ে করা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। বিশেষত বিজেপি এবং বজরং দলের তরফে অভিনেতার বিরুদ্ধে ‘লাভ জিহাদের’ অভিযোগ করা হয়। এমনকি অযোধ্যার ‘তপস্বী ছাওনি’র পীঠাধীশ্বর জগৎগুরু পরমহংস আচার্য রামলালার জন্মভূমিতে দাঁড়িয়ে ঘোষণা করেন, যে ব্যক্তি আমির খানকে (Aamir Khan) হত্যা করতে পারবে, তাকে ৫ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি, ওই ব্যক্তির আইনি লড়াইয়ের সমস্ত খরচও বহন করার দাবি করেন তিনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন