28.2 C
Kolkata
Saturday, June 6, 2026
spot_img

“একই ভুলের সাথে বারবার নেই”! কুণালের মুখেও স্পষ্ট বার্তা?

কলকাতা: ক্ষমতার পালাবদল হতেই ভাঙনের গেরোয় ত্রস্ত তৃণমূল। হাতে গোনা কয়েকজন ছাড়া প্রায় সম্পূর্ণ তৃণমূল দলটাকেই ভাঙিয়ে ফেলবে বলে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। সেইসঙ্গে আবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘নতুন তৃণমূল’ তো রয়েছেই। তবে রাজ্য রাজনীতিতে ঘটনার এই ঘনঘটার মাঝেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত ছায়াসঙ্গী হিসেবেই দেখা গিয়েছে কুণাল ঘোষকে (Kunal Ghosh)। এবার সেই কুণাল ঘোষের গলাতেও ‘ভুল’-এর সুর।

শুক্রবারই সাংগঠনিক রদবদল করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই শনিবার সমাজমাধ্যমে একটি চাঞ্চল্যকর পোস্ট করলেন কুণাল ঘোষ। ফেসবুক পোস্টে কুণাল লেখেন, “মমতাদির সঙ্গে আছি। কিন্তু বারবার একই ভুলের সঙ্গে নেই।” তিনি আরও লেখেন, “আমি তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতাদির প্রতীকের বিধায়ক। ভোটের একমাসের মধ্যে যারা ‘রহস্যজনক ব্যক্তিগত’ স্বার্থে প্রতিপক্ষের পৃষ্ঠপোষকতায় মমতাদির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, আমি তা সমর্থন করি না। আমি মমতাদির সঙ্গেই আছি।”

সেইসঙ্গে কুণাল (Kunal Ghosh) লেখেন, “তবে দলের ভুলত্রুটি সংশোধনের বদলে বিভিন্ন স্তরে যদি ভুল চলতে থাকে, সেটা দেখেও চোখ বুজে থাকতে পারব না। এখনও যে বিপুল কর্মীরা বিভিন্ন জেলা থেকে যোগাযোগ করছেন, ছাত্র-যুবরা যোগাযোগ করছে, অনেক কিছু বলছে, সেগুলি শুনছি, শুনব। তাদের সঙ্গে বসতে অনুরোধ করেছেন, বসব। তার পরেরটা পরে দেখা যাবে।”

প্রসঙ্গত, দলের অন্দরে সমালোচনার মুখে পড়লেও শেষ পর্যন্ত আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়-কেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে বহাল রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার তাঁর কাজের পরিসর আরও সুসংগঠিত করতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দোলা সেন এবং ডেরেক ও’ব্রায়েন-কে।

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর অভিষেকের ভূমিকা নিয়ে দলের ভিতরে যে ক’জন নেতা প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন কুণাল ঘোষ। একাধিকবার তিনি নেতৃত্বের কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। সেই প্রেক্ষাপটে সাংগঠনিক রদবদলের পর কুণালের (Kunal Ghosh) সোশ্যাল মিডিয়া পোস্টে ‘বারবার একই ভুল’ মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। অনেকের প্রশ্ন, তাঁর এই ইঙ্গিত কি অভিষেকের পদে বহাল থাকাকেই ঘিরে? উঠছে প্রশ্ন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন