Aaj India Desk, কলকাতা: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দুর্গাপুর কেন্দ্র থেকে তৃণমূল (TMC) প্রার্থী কীর্তি আজাদে (Kirti Azad)-এর বিরুদ্ধে লড়ে হেরে যান দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ভোটের পর দীর্ঘদিন তাঁকে দলের বড় কোনও কর্মসূচি বা রাজনৈতিক মঞ্চে খুব একটা দেখা যায়নি। সেই সময় তিনি কীভাবে কাটিয়েছেন, তা এতদিনে জানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন (Panchayat and Rural Development) এবং প্রাণী সম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ বলেন, রাজনীতি থেকে কিছুটা দূরে থাকার সময় তিনি কৃষিকাজে মন দেন। নিজের হাতে চাষ করে নতুন কিছু করার চেষ্টা করেন। তাঁর কথায়, কাজ করতে জানলে কখনও কাজের অভাব হয় না। তাই রাজনৈতিক ব্যস্ততা কম থাকায় সেই সময়টাকে তিনি কাজে লাগিয়েছেন। দিলীপ ঘোষ জানান, মেদিনীপুরে কাঁসাই নদীর তীরে তিনি পরীক্ষামূলকভাবে স্ট্রবেরি চাষ করেছিলেন। প্রায় এক বছর ধরে নিজের খরচে এই চাষ করেন। তাঁর দাবি, ফলনও খুব ভালো হয়েছিল এবং স্ট্রবেরির গুণমানও ছিল যথেষ্ট ভালো।
তবে তিনি বলেন, পশ্চিমবঙ্গে এখনও স্ট্রবেরির বাজার তেমন তৈরি হয়নি। তাই এই চাষ বাণিজ্যিকভাবে বড় আকারে করা সহজ নয়। তবুও তাঁর বিশ্বাস, জঙ্গলমহলের যুবকরা যদি আধুনিক পদ্ধতিতে এই ধরনের চাষ করেন এবং তার সঙ্গে ফার্ম হাউস বা কৃষিভিত্তিক পর্যটনের মতো উদ্যোগ নেন, তাহলে ভালো রোজগারের সুযোগ তৈরি হতে পারে।
মন্ত্রী আরও জানান, তখন তাঁর পরিকল্পনা ছিল প্রায় দশ বিঘা জমি লিজ নিয়ে একটি ফার্ম হাউস তৈরি করার। কিন্তু পরে আবার সক্রিয়ভাবে রাজনীতিতে ফিরে আসায় সেই পরিকল্পনা আর এগোয়নি। তাঁর কথায়, জীবনের যে সময়টুকু তিনি রাজনীতির বাইরে ছিলেন, সেটাকে যতটা সম্ভব ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করেছিলেন।


