32.1 C
Kolkata
Friday, August 14, 2026
spot_img

নো মোবাইল, নো সেলফি! স্বাধীনতা দিবসে রেড রোডে নিশ্ছিদ্র নিরাপত্তা, বাড়তি নজরদারি শহরজুড়ে

Aaj India Desk, কলকাতা: স্বাধীনতা দিবসের (Independence Day) কুচকাওয়াজকে কেন্দ্র করে নিরাপত্তার ক্ষেত্রে কোনও রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। কলকাতা পুলিশের (Kolkata Police) শীর্ষ কর্তারা ইতিমধ্যেই এই বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন। শনিবার রেড রোডে (Red Road) জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অনুষ্ঠানে একাধিক ভিভিআইপি ও ভিআইপি উপস্থিত থাকবেন। সাম্প্রতিক সময়ে শহরের আশপাশ থেকে পাক চর ও জঙ্গি সংগঠনের সদস্যদের গ্রেফতারের পর গোয়েন্দাদের সতর্কবার্তাও রয়েছে। তাই এবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে।

বৃহস্পতিবার থানা ও ট্র্যাফিক গার্ডের ওসিদের মাধ্যমে ডিউটিতে থাকা পুলিশকর্মীদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্ব পালন করার সময় কোনও পুলিশকর্মী মোবাইল ব্যবহার করতে পারবেন না। ছবি তোলা, ভিডিও করা কিংবা সেলফি তোলাও সম্পূর্ণ নিষিদ্ধ। লালবাজার সূত্রের খবর, আগের বছরগুলিতে ডিউটির সময় কয়েকজন পুলিশকর্মীকে সেলফি তুলতে এবং পরে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গিয়েছিল। এবার সেই বিষয়টি যাতে কোনওভাবেই না ঘটে, তা নিশ্চিত করতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

অনুষ্ঠান চলাকালীন দর্শক এবং আশপাশের এলাকার মানুষের গতিবিধির উপরও বিশেষ নজর রাখা হবে। সাধারণত মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে নেমে মাল্যদান করতে গেলে দর্শকদের একাংশ রাস্তায় নেমে আসেন। সেই সময় নিরাপত্তায় কিছুটা ঢিলেমি দেখা যায়। এবার সেই সুযোগ থাকছে না। অনুষ্ঠান পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত দর্শকদের রেড রোডে নামতে দেওয়া হবে না। একই সঙ্গে দায়িত্বে থাকা পুলিশকর্মীদেরও শেষ মুহূর্ত পর্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে।

নিরাপত্তার কারণে শুক্রবার রাত থেকেই রেড রোডকে কড়া নিরাপত্তার আওতায় নিয়ে আসা হচ্ছে। গোটা এলাকাকে প্রায় ১৫টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি সেক্টরের দায়িত্বে থাকবেন ডিসি পদমর্যাদার একজন করে আধিকারিক। পুরো নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে থাকবেন একজন অতিরিক্ত পুলিশ কমিশনার, ৬ জন যুগ্ম কমিশনার, ২০ জন ডিসি এবং ৪০ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার।

রেড রোডে নিরাপত্তার জন্য ৬টি ওয়াচ টাওয়ার ও ১১টি বাঙ্কার তৈরি করা হচ্ছে। সেখানে প্রায় ১,৫০০ পুলিশকর্মী মোতায়েন থাকবেন। পাশাপাশি কলকাতা পুলিশের স্পেশাল ফোর্স এবং কম্যান্ডো বাহিনীকেও রাখা হবে। শুধু রেড রোড নয়, গোটা কলকাতা শহরেই অতিরিক্ত প্রায় ৩,০০০ পুলিশকর্মী মোতায়েন করা হবে।

নিরাপত্তা আরও জোরদার করতে রেড রোডে একাধিকবার তল্লাশি চালাবে বম্ব স্কোয়াড ও প্রশিক্ষিত পুলিশ কুকুর। সাধারণ দর্শকদের ভিড়ের মধ্যেও সাদা পোশাকে পুলিশকর্মীরা নজর রাখবেন। যান চলাচল নিয়ন্ত্রণের জন্য রেড রোড ও ময়দান সংলগ্ন কয়েকটি রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রাখা হবে।

শহরের ২৩টি গুরুত্বপূর্ণ জায়গায় নাকা চেকিং চলবে। পাশাপাশি ৯টি পিসিআর ভ্যান এবং ৩টি কুইক রেসপন্স টিম টহল দেবে। কলকাতার বিভিন্ন এলাকায় ১৯টি পুলিশ পিকেট, মেট্রো স্টেশনগুলিতে ২৫টি পিকেট এবং ঘিঞ্জি বাজার, শপিং মল, কালীঘাট মন্দির-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে আরও ২৪টি পিকেট বসানো হবে। সব মিলিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে রেড রোড থেকে গোটা শহরেই থাকছে কড়া পুলিশি নজরদারি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন