Aaj India Desk,নয়াদিল্লি : সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানো নিয়ে সময় চাইছে রাজ্য। প্রথম দফার টাকা পরিশোধ করতে ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে এবার সুপ্রিম কোর্ট (Supreme Court of India)-এর দ্বারস্থ হয়েছে সরকার। আগামীকাল, বুধবার এই গুরুত্বপূর্ণ আবেদনের শুনানি হওয়ার কথা, যার দিকে তাকিয়ে রয়েছেন হাজার হাজার সরকারি কর্মী।
বকেয়া ডিএ ইস্যুতে শীর্ষ আদালতের কড়া নির্দেশের পরও জট কাটেনি। সঞ্জয় কোলে (Sanjay Karol) ও প্রশান্ত কুমার মিশ্র (Prashant Kumar Mishra)-র বেঞ্চ আগেই নির্দেশ দিয়েছিল বকেয়া ডিএ র প্রথম ২৫ শতাংশ দ্রুত মিটিয়ে দিতে হবে। রাজ্যের দাবি, সরকারি কর্মরত ও অবসরপ্রাপ্তদের সেই টাকা ইতিমধ্যেই পরিশোধ করা হয়েছে। তবে মামলাকারীদের অভিযোগ একেবারেই ভিন্ন তাদের বক্তব্য, এখনও বহু কর্মীর অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছয়নি। ফলে নির্দেশ মানা হয়েছে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বকেয়া ডিএ ইস্যুতে সমাধানের পথ দেখাতে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা( Indu Malhotra)-র নেতৃত্বে গঠিত কমিটি একাধিক গুরুত্বপূর্ণ সুপারিশ করেছিল।কমিটির মতে, ২০১৬ থেকে ২০১৯ সালের বকেয়া দ্রুত মিটিয়ে ফেলা উচিত, যাতে দীর্ঘদিনের জট কাটে। পাশাপাশি ২০০৮ থেকে ২০১৫ পর্যন্ত বকেয়ার হিসাব স্বচ্ছভাবে মেটাতে একটি নির্দিষ্ট পোর্টাল তৈরির পরামর্শ দেওয়া হয়, যেখানে সংশ্লিষ্ট সব তথ্য আপলোড করতে হবে।
এছাড়াও রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছিল, ওই পোর্টালের যাবতীয় খুঁটিনাটি ও কার্যপ্রণালী সম্পর্কে বিস্তারিত জানাতে Confederation of State Government Employees-কে, যাতে গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকে এবং কোনও বিভ্রান্তির অবকাশ না থাকে। ওই সংগঠনের তরফে ক্ষোভ উগরে দিয়ে আইনজীবী ফিরদৌস শামিম (Firdous Shamim) অভিযোগ করেছেন, “শীর্ষ আদালতের নির্দেশ মানার কোনও লক্ষণই রাজ্যের কাজে দেখা যায়নি। এমনকি পোর্টাল তৈরির মতো গুরুত্বপূর্ণ নির্দেশও এখনও বাস্তবায়িত হয়নি।”
তিনি আরও জানান, আগামী শুনানিতে এই সমস্ত বিষয় খুঁটিনাটি সহ আদালতের সামনে তুলে ধরা হবে, যাতে গোটা পরিস্থিতি স্পষ্ট হয়।


