Aaj lndia Desk,পশ্চিম মেদিনীপুর: গত বছরের পর আবারও আইআইটি খড়গপুর ( IIT Kharagpur)-এ পড়ুয়া মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। এবার হোস্টেলের অষ্টম তলা থেকে পড়ে এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু।
খড়্গপুর আইআইটিতে ফের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল ক্যাম্পাস জুড়ে। শনিবার প্রতিষ্ঠানের অটলবিহারী বাজপেয়ী হলে ঘটে যায় মর্মান্তিক এই ঘটনা। মৃত ছাত্রের নাম জয়বীর সিন দোডিয়া (২১)। তিনি গুজরাতের আহমেদাবাদের বাসিন্দা এবং খড়্গপুর আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। থাকতেন নেহেরু হলে।
প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, শনিবার কোনও এক সময়ে জয়বীর অটলবিহারী বাজপেয়ী হলে যান। এরপরই হোস্টেলের অষ্টম তলা থেকে নিচে পড়ে তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই তলা থেকে ঝাঁপ দিয়েই আত্মঘাতী হয়েছেন তিনি। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।ঘটনার পরই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় খড়্গপুর আইআইটি ফাঁড়ির পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে এই চরম সিদ্ধান্ত, তা খতিয়ে দেখছে পুলিশ। পড়াশোনার চাপ, মানসিক অবসাদ নাকি অন্য কোনও কারণ সব দিকই খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
এদিকে, গত বছরেও আইআইটি খড়্গপুরে পড়ুয়ার মৃত্যুর ঘটনা সামনে এসেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই ধরনের ঘটনায় উদ্বেগ বাড়ছে ছাত্রমহলে। নিরাপত্তা ব্যবস্থা ও মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এই বিষয়ে আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষের প্রতিক্রিয়া জানার জন্য ফোন করা হলেও, শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁদের তরফে কোনও উত্তর মেলেনি। ঘটনার তদন্ত চলছে।


