Aaj India Desk, কলকাতা: তৃণমূল কংগ্রেস (TMC)-এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের টাকার লেনদেন নিয়ে জটিলতা আরও বাড়ছে। তদন্তে নেমেছে ইডি (ED)। তবে এখনও পর্যন্ত ওই অর্থ কোথা থেকে এসেছে বা কোথায় খরচ হয়েছে, তার স্পষ্ট কোনও নথি তদন্তকারীদের হাতে আসেনি। সেই কারণেই সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলির কাছে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে ইডি।
তদন্তকারী সংস্থার দাবি, প্রায় ১৬৪ কোটি টাকার লেনদেনের যথাযথ হিসেব মিলছে না। এই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র চাপানউতোর। বিজেপি বিধায়ক সজল ঘোষের দাবি, সামনে তদন্ত এগোলে এই অঙ্ক আরও অনেক বাড়তে পারে।
এদিকে আদালতে কিছুটা স্বস্তি মিললেও নতুন করে আরও ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই অ্যাকাউন্টগুলি থেকে কোনও ধরনের লেনদেন করা যাবে না। জানা গিয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এক তৃণমূল বিধায়কের অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে।
এর আগে পুলিশ তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করেছিল। সেই অ্যাকাউন্টগুলিতে প্রায় ৪৪০ কোটি টাকা রয়েছে বলে তদন্তে উঠে এসেছে। পরে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, নির্দিষ্ট শর্ত মেনে আপাতত ওই তিনটি অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। পাশাপাশি পুরো বিষয়টি দেখভালের জন্য একজন বিশেষ আধিকারিকও নিয়োগ করা হয়েছে।
সূত্রের খবর, সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগ সামনে আসার পরই মামলায় যুক্ত হয় ইডি। তদন্তকারীদের নজরে এখন শুধু তিনটি নয়, আরও একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। প্রাথমিক তদন্তে কিছু অর্থের উৎস নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, কাটমানির টাকা-সহ আরও কিছু বেআইনি আর্থিক লেনদেনের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এই অভিযোগের সত্যতা এখনও তদন্তাধীন।


