31 C
Kolkata
Monday, April 20, 2026
spot_img

ভোটের আগে লোক জড়ো করতে টাকা? তৃণমূল নেতার ভিডিয়ো ঘিরে তুমুল রাজনৈতিক চর্চা

Aaj India Desk, উত্তর দিনাজপুর: বিধানসভা ভোটের (Assembly Election) প্রাক্কালে উত্তর দিনাজপুরের চোপড়ায় ফের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এল তৃণমূল কংগ্রেস (TMC)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো (Video) ঘিরে জেলায় শুরু হয়েছে জোর চর্চা, যা নিয়ে রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে তীব্র চাপানউতোর। ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক তৃণমূল নেতার হাতে রয়েছে ৫০০ টাকার নোটের গুচ্ছ। বাইকে করে আসা কয়েকজন কর্মী-সমর্থকের হাতে তিনি একে একে টাকা তুলে দিচ্ছেন। ভোটের মুখে এমন ছবি সামনে আসায় স্বাভাবিকভাবেই বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়তেই বিরোধীদের তরফে শুরু হয়েছে তীব্র আক্রমণ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভিডিয়োতে যাঁকে টাকা দিতে দেখা যাচ্ছে, তাঁর নাম মান্নান আলি (Mannan Ali)। অভিযোগ, ভিডিয়োটি প্রথমে তিনি নিজেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন। যদিও বিতর্ক বাড়তে শুরু করতেই পরে সেই পোস্ট সরিয়ে দেওয়া হয় বলে দাবি করা হচ্ছে। এই ঘটনাই ঘিরে আরও জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

খবর অনুযায়ী, গতকাল চোপড়ায় তৃণমূল প্রার্থী হামিদুল রহমান (Hamidul Rahman)-এর একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। দাবি করা হচ্ছে, ভাইরাল হওয়া ভিডিয়োটি সেই মিছিল শুরুর ঠিক আগের সময়ের। ফলে প্রশ্ন উঠছে, মিছিলে লোক জড়ো করতেই কি টাকা বিলি করা হচ্ছিল? যদিও এই দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সরব হয়েছে বিজেপি (BJP)। চোপড়ার বিজেপি নেতা সোমনাথ সিংহ কটাক্ষ করে বলেন, “প্রার্থীকে টাকা দিয়ে লোক জোগাড় করতে হচ্ছে। ওদের সংগঠন ভেঙে পড়েছে। মানুষের সমর্থন আর নেই।” তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।

যদিও গোটা ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। ফলে অভিযোগের জবাব কী দেয় শাসকদল, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন