32 C
Kolkata
Saturday, August 15, 2026
spot_img

স্বাধীনতা দিবসে বড় ঘোষণা মোদীর! ১ বছরে ১ কোটি তরুণকে AI প্রশিক্ষণ, মিলবে ফ্রি কোচিংও?

Aaj India Desk, নয়াদিল্লি: স্বাধীনতা দিবসে (Independence Day) লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে দেশের যুবসমাজের জন্য একাধিক বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আগামী এক বছরের মধ্যে দেশের ১ কোটি তরুণ-তরুণীকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর বিশেষ প্রশিক্ষণ দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিনামূল্যে অনলাইন কোচিংয়ের ব্যবস্থাও করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।

ভাষণে যুবসমাজের গুরুত্ব তুলে ধরে মোদী বলেন, “বিকশিত ভারতের কথা যখন বলছি, এই যাত্রার মূল লাভার্থী দেশের যুবারা। বিকশিত ভারতের লক্ষ‍্য যুবাদের সঙ্গে নিয়ে যেতে হবে।” তাঁর কথায়, দেশের তরুণরা শুধু নিজের জন্য কাজ করছেন না, অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করছেন। তাই তাঁদের স্বপ্ন পূরণে প্রয়োজনীয় সুযোগ-সুবিধার কোনও ঘাটতি রাখা হবে না।

দেশের শিক্ষা পরিকাঠামোর প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৩৫০-এরও কম ছিল। বর্তমানে সেই সংখ্যা প্রায় ১০০০-তে পৌঁছেছে। একইভাবে মেডিক্যাল শিক্ষার ক্ষেত্রেও আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেন তিনি। যুবাদের দক্ষতা বাড়ানোর প্রসঙ্গে মোদি বলেন, “ভারতের যুবারা নিজেদের প্রথম ট্রায়ালেই রকেট লঞ্চ করে দিয়েছে। আগামী ১ বছরে ১ কোটি যুবাদের এআই স্কিল ট্রেনিং দেওয়া হবে।”

এদিন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীদের জন্যও বড় ঘোষণা করেন প্রধানমন্ত্রী। কোচিংয়ের ক্রমবর্ধমান খরচ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “কোচিং ক্লাস এখন বাবা-মায়ের বড় চিন্তার জায়গা হয়ে গিয়েছে। আমরা সব পরীক্ষার জন্য বিনামূল্যে অনলাইন কোচিং দেওয়ার নেটওয়ার্ক তৈরি করতে চলেছি।”

মোদী জানান, বিশেষ করে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। কোচিংয়ের জন্য পরিবারের যে বিপুল অর্থ খরচ হয়, তা কমানোই এই পরিকল্পনার অন্যতম লক্ষ্য। একইসঙ্গে তরুণরা যাতে বাড়িতে থেকেই পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন এবং পরিবারের কাছাকাছি থাকতে পারেন, সেই ব্যবস্থাও করা হবে।

প্রধানমন্ত্রীর বক্তব্য, দেশের হাতে থাকা ডিজিটাল পরিকাঠামো, দক্ষ শিক্ষক এবং প্রতিভাবান ব্যক্তিদের একসঙ্গে কাজে লাগিয়েই এই অনলাইন কোচিং ব্যবস্থা তৈরি করা হবে। এর মাধ্যমে দেশের তরুণদের বিনামূল্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন