নয়াদিল্লি: সংসদে যেখানে দু’জনকে দেখলেই রাজনৈতিক তাপমাত্রা চড়ে, সেখানেই বিয়েবাড়িতে যেন উল্টো ছবি! একই ফ্রেমে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi)। শুধু মুখোমুখি দাঁড়ানো নয়, দু’জনের মুখেই হাসি!
মঞ্চটা অবশ্য সংসদ নয়। উপলক্ষও কোনও রাজনৈতিক বৈঠক নয়। NCP(SP) সাংসদ সুপ্রিয়া সুলের মেয়ের বিয়ের অনুষ্ঠান। সোমবার শরদ পাওয়ারের ৬ নম্বর জনপথের বাসভবনে বসেছিল এই ‘রাজনৈতিক তারকা-সমাবেশ’। সেখানে শাসক-বিরোধী দুই শিবিরের একাধিক হেভিওয়েটই হাজির ছিলেন। প্রধানমন্ত্রী মোদীর পাশাপাশি অনুষ্ঠানে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং প্রিয়াঙ্কা গান্ধী। আর তারপরই ক্যামেরায় ধরা পড়ল এমন এক দৃশ্য, যা সংসদের চেনা ছবির সঙ্গে মেলানো বেশ কঠিন, মোদী (Narendra Modi) ও রাহুল পাশাপাশি, দু’জনেই হাসছেন!
তবে এখানেই শেষ নয়। অনুষ্ঠানে প্রিয়াঙ্কা গান্ধীকে দেখতে পেয়ে তাঁর সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী। মোদী জানতে চান, “প্রিয়াঙ্কা, কেমন আছো?” জবাবে প্রিয়াঙ্কা বলেন, তিনি ভাল আছেন এবং প্রধানমন্ত্রীর কুশল জানতে চান। মোদীর উত্তর, “আমি তো যেমনটা ছিলাম, তেমনটাই আছি।” ঠিক তখনই পাশে থাকা খাড়গের রসিকতা, “ভাইসাব, আপনি তো কিছুটা বদলে গিয়েছেন।”
ব্যস! এরপর আর রাজনৈতিক তর্ক নয়, হাসির রোল। উপস্থিত সকলের সঙ্গে রাহুল গান্ধীকেও হাসতে দেখা যায়। মুহূর্তেই সেই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এখন খাড়গের ‘বদলে গিয়েছেন’ মন্তব্য নিয়েই নেটপাড়ায় শুরু হয়েছে গোয়েন্দাগিরি। কী বদল? চেহারা? অভ্যাস? নাকি সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীর একের পর এক সেলফি ভিডিও করার অভ্যাস? ব্যাখ্যার অভাব নেই।
আর সবচেয়ে বড় কৌতূহল অবশ্য অন্য জায়গায়, যে মোদী-রাহুল (Rahul Gandhi) জুটি সংসদে একে অপরকে রাজনৈতিকভাবে চাপে রাখার কোনও সুযোগ ছাড়েন না, তাঁদের একই ফ্রেমে এমন হাসিমুখ কেন বিয়েবাড়ির সৌজন্য, নাকি রাজনীতির বাইরে নিছক মানবিক মুহূর্ত? আপাতত কোনও রাজনৈতিক সমীকরণের ঘোষণা হয়নি। তবে ছবি বলছে একটা জিনিস, রাজনীতির মঞ্চে যতই লড়াই থাক, বিয়েবাড়ির নিমন্ত্রণে হাসিটা কিন্তু দল দেখে আসে না!
এই অনুষ্ঠানে শরদ পাওয়ারের সঙ্গেও কথা বলতে দেখা যায় প্রধানমন্ত্রীকে (Narendra Modi) । মহারাষ্ট্রের রাজনীতি ঘিরে সাম্প্রতিক নানা জল্পনার মধ্যেই এই সাক্ষাৎও স্বাভাবিকভাবেই নজর কেড়েছে। যদিও সুপ্রিয়া সুলের বক্তব্য, আলোচনায় মূল গুরুত্ব ছিল মহারাষ্ট্রের উন্নয়ন নিয়ে। অর্থাৎ, এক সন্ধ্যায় একই ছাদের নিচে মোদী, রাহুল, প্রিয়াঙ্কা, খাড়গে ও শরদ পাওয়ার, আর তার মাঝখানে রাজনীতির বদলে বিয়ের হাসি-আড্ডা সংসদের মাইক যেখানে গরম, সেখানে বিয়েবাড়ির ক্যামেরা কিন্তু ধরে ফেলল একেবারে অন্য ছবি!


