Aaj India Desk,কলকাতা: কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়ায় বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। বৃহস্পতিবার পুর ও নগরোন্নয়ন দফতর নতুন ওয়ার্ড বিন্যাসের খসড়া তালিকা প্রকাশ করেছে। প্রস্তাব অনুযায়ী, বর্তমান ১৪৪টি ওয়ার্ড বেড়ে হবে ২০৯টি। অর্থাৎ নতুন করে যুক্ত হচ্ছে আরও ৬৫টি ওয়ার্ড। খসড়া তালিকা প্রকাশের পর নাগরিক, রাজনৈতিক দল বা সংশ্লিষ্ট যে কোনও পক্ষকে আগামী ১৩ অগাস্ট পর্যন্ত আপত্তি, মতামত বা সংশোধনের প্রস্তাব জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
১৩ অগাস্ট পর্যন্ত কোথায় জানাবেন মতামত?
পুর ও নগরোন্নয়ন দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, খসড়া তালিকা কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনে, বিভিন্ন বোরো অফিসে এবং পুরসভার ওয়েবসাইটে সর্বসাধারণের জন্য রাখা হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে যে কোনও ব্যক্তি বা সংগঠন লিখিতভাবে নিজেদের মতামত বা আপত্তি জমা দিতে পারবেন। এরপর সব প্রস্তাব খতিয়ে দেখে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
কেন বাড়ানো হচ্ছে ওয়ার্ড সংখ্যা?
সরকারি সূত্রের দাবি, ওয়ার্ড পুনর্বিন্যাসের মূল উদ্দেশ্য প্রতিটি ওয়ার্ডে ভোটারের সংখ্যা প্রায় সমান রাখা। এতদিন কোথাও মাত্র ১০ হাজার, আবার কোথাও ৫০ হাজারেরও বেশি ভোটার থাকায় প্রশাসনিক ভারসাম্যে সমস্যা তৈরি হচ্ছিল। নতুন প্রস্তাবে প্রতিটি ওয়ার্ডে গড়ে ১৫ থেকে ১৬ হাজার ভোটার রাখার পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত বড় আয়তনের ওয়ার্ডগুলিকে ভাগ করে প্রশাসনিক পরিষেবা আরও সহজ ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ওয়ার্ড সংখ্যা বাড়লেও আপাতত বোরোর সংখ্যা ১৬টিই থাকছে।
হাওড়াতেও বাড়ছে ওয়ার্ড
নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, শুধু কলকাতা নয়, হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যাও ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করা হবে। এই পরিবর্তন কার্যকর করতে আগামী ১২ অগাস্ট বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে সংশোধনী বিল পেশ করবে সরকার।
ডিসেম্বরের মধ্যেই নির্বাচিত বোর্ড গঠনের লক্ষ্য
মুখ্যমন্ত্রী জানান, ক্ষমতায় আসার পরই কলকাতা ও হাওড়া পুরসভার আসন পুনর্বিন্যাসের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ৭ ডিসেম্বরের মধ্যে দুই পুরসভার নির্বাচিত বোর্ডের হাতে দায়িত্ব তুলে দেওয়াই সরকারের লক্ষ্য। প্রশাসনের মতে, সংশোধনী বিল পাস হলে নতুন ওয়ার্ড বিন্যাসের ভিত্তিতে পুরভোটের প্রস্তুতি আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।


