Aaj India Desk, কলকাতা : উপনির্বাচন আর জোড়াফুলের প্রতীক নিয়ে চলতে থাকা উত্তেজনার মাঝেই আবার আক্রমণ! এবার তৃণমূলের ঋতব্রতপন্থী শিবিরকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়লেন দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তাঁর দাবি, বাংলার বিভিন্ন প্রান্তের তৃণমূল কর্মীদের ব্রিগেড ময়দানে জড়ো করা হোক। মাঠের মাঝখানে দড়ি টেনে দু’ভাগে ভাগ করে দেওয়া হবে জায়গা। এরপর কোন দিকে কত জন দাঁড়ান, সেই সংখ্যাই নাকি স্পষ্ট করে দেবে কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং কারা ঋতব্রতদের পাশে রয়েছেন।
ব্রিগেডেই ‘সংখ্যার পরীক্ষা’
সামাজিক মাধ্যমে দেওয়া একটি পোস্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) লেখেন, ঋতব্রতপন্থী তৃণমূল সমর্থকদের তিনি এই চ্যালেঞ্জ জানাচ্ছেন। তাঁর প্রস্তাব, রাজ্যের প্রতিটি প্রান্ত থেকে তৃণমূল কর্মীরা ব্রিগেডে আসুন। এরপর দড়ি দিয়ে মাঠকে দু’টি অংশে ভাগ করা হোক।কল্যাণের বক্তব্য, দুই পাশে উপস্থিত কর্মী-সমর্থকদের সংখ্যা দেখলেই বোঝা যাবে বাস্তবে কোন শিবিরের জনসমর্থন কতটা। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনবল যে এখনও বেশি সেটাও প্রমাণ হয়ে যাবে বলে মত তাঁর।
বর্তমানে তৃণমূলের ‘জোড়াফুল’ প্রতীক নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী ও মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী শিবিরের মধ্যে টানাপোড়েন চলছে। প্রতীক সংক্রান্ত বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছেও দু’পক্ষের বক্তব্য ও নথিপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সামনেই নন্দীগ্রাম এবং রেজিনগরে উপনির্বাচন। ইতিমধ্যেই সেখানে কালীঘাট তৃনমূল ও ঋতব্রত তৃনমূল উভয় পক্ষই প্রার্থীও দিয়েছে। এই পরিস্থিতিতে কল্যাণের (Kalyan Banerjee) ব্রিগেড-চ্যালেঞ্জকে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের আবহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে তাঁর প্রস্তাব বাস্তবে কোনও কর্মসূচিতে রূপ নেয় কি না এবং এখন ঋতব্রতপন্থী শিবির এই চ্যালেঞ্জের কী জবাব দেয়, সেদিকেই রাজনৈতিক মহলের নজর রয়েছে।


