28 C
Kolkata
Sunday, August 2, 2026
spot_img

“অভিমুখ বদলাতে সময় লাগবে না”! নিজের দলকেই ‘ডিম থেরাপি’র হুঁশিয়ারি শমীকের?

Aaj India Desk, কলকাতা: রাজ্যে সরকার বদলালেও তোলাবাজির সংস্কৃতি এখনও পুরোপুরি শেষ হয়নি— এমনটাই স্বীকার করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। শনিবার রাজারহাটে আইআইটি খড়্গপুর রিসার্চ পার্কে আয়োজিত ‘উদ্যমী সমাগম’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, তাঁর দলের মধ্যেও এখনও কিছু বিচ্যুতি রয়েছে। একইসঙ্গে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে কড়া সতর্কবার্তাও দেন তিনি।

শমীক ভট্টাচার্যের কথায়, রাজ্যের সব জায়গা থেকে তোলাবাজি সম্পূর্ণ বন্ধ করা সম্ভব হয়নি। তিনি বলেন, “আমি যদি বলি রাজ্যের সব জায়গা থেকে তোলাবাজি বন্ধ হয়ে গেছে, তাহলে সেটা ভুল বলা হবে। এখনও কিছু বিচ্যুতি রয়েছে। বহু বছর ধরে একটি নির্দিষ্ট সংস্কৃতির মধ্যে মানুষ চলেছে, সিন্ডিকেট রাজ গড়ে উঠেছে। তাই শুধু ক্ষমতার পরিবর্তন হলেই রাতারাতি সবকিছু বদলে যায় না।”

এই প্রসঙ্গেই তিনি সাম্প্রতিক সময়ে আলোচনায় থাকা ‘ডিম থেরাপি’র উদাহরণ টানেন। দলীয় কর্মী-সমর্থক এবং বিশেষ করে সম্প্রতি দলে যোগ দেওয়া নেতাদের উদ্দেশে তিনি বলেন, “যে ডিম থেরাপি শুরু হয়েছে, সেই ডিমের অভিমুখ ঘুরে অন্য দিকে পড়তে কিন্তু বেশি সময় লাগবে না।” তাঁর বক্তব্যের ইঙ্গিত ছিল, কেউ যদি ভুল পথে হাঁটেন বা অসৎ কাজে জড়িয়ে পড়েন, তাহলে তার ফল একদিন নিজের দিকেও ফিরে আসতে পারে।

শমীক ভট্টাচার্য আরও বলেন, পুরনো হোক বা নতুন— কোনও নেতা-কর্মীকেই ছাড় দেওয়া হবে না। যাঁরা দলে এসে রাতারাতি ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করছেন বা তোলাবাজির মতো কাজে জড়িয়ে পড়ছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি স্পষ্ট বার্তা দেন।

রাজনৈতিক মহলের মতে, ক্ষমতাসীন দলের রাজ্য সভাপতির মুখে দলের ভেতরে তোলাবাজি ও সিন্ডিকেট সংস্কৃতির অস্তিত্ব স্বীকার করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একইসঙ্গে ‘ডিম থেরাপি’র প্রসঙ্গ টেনে নিজের দলের নেতা-কর্মীদের যে সতর্কবার্তা দিলেন, তা রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন