Aaj India Desk, মুর্শিদাবাদ: নির্বাচনী প্রচারের মাঝে চকোলেট কুড়োতে গিয়ে গুরুতর জখম হয়ে ছয় বছরের শিশুর মৃত্যুর ঘটনায় এবার শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার মুর্শিদাবাদের রেজিনগরে মৃত জাসমিনা খাতুনের (Rejinagar Child Death) বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। ঘটনার বিস্তারিত জানতে চেয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
প্রচারের মাঝেই মর্মান্তিক দুর্ঘটনা
স্থানীয় সূত্র ও পরিবারের অভিযোগ অনুযায়ী, সম্প্রতি রেজিনগরে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচার চলছিল। সেই সময় প্রচার গাড়ি থেকে শিশুদের উদ্দেশে চকোলেট বা লজেন্স ছোড়া হচ্ছিল বলে অভিযোগ। মাইকের শব্দ ও চকোলেটের আকর্ষণে সেখানে ছুটে যায় ছয় বছরের জাসমিনা। চকোলেট কুড়োতে গিয়ে হুড়োহুড়ির মধ্যে পড়ে গিয়ে গুরুতর জখম হয় সে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। (Rejinagar Child Death)
একাধিক হাসপাতালে চিকিৎসা
জখম অবস্থায় শিশুটিকে প্রথমে বেলডাঙা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় জাসমিনাকে। সেখানেই মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সভার আগে মৃত শিশুর বাড়িতে মুখ্যমন্ত্রী
বৃহস্পতিবার মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে যাওয়ার আগে রেজিনগরে জাসমিনার বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবারের সদস্যদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। ঘটনার দিন কী হয়েছিল, পরিবারের কাছ থেকে তা জানার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা। ভোটের আগে দুই কেন্দ্রেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার চলছে। রেজিনগরের এই ঘটনায় নির্বাচনী প্রচারে ভিড় নিয়ন্ত্রণ এবং প্রচার সামগ্রী বিতরণের সময় শিশুদের নিরাপত্তার বিষয়টিও সামনে এসেছে। ছয় বছরের জাসমিনার মৃত্যু ঘিরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নির্বাচনী প্রচারের মধ্যে ঘটে যাওয়া এই দুর্ঘটনা ফের প্রশ্ন তুলেছে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে।


