Aaj India Desk, নয়া দিল্লি : ভ্রমণে গিয়ে ‘স্মৃতিচিহ্ন’ সঙ্গে নিয়ে আসা খুবই সাধারণ বিষয়। তবে বিদেশ ভ্রমণে গিয়ে কিছু ভারতীয় (Indian) পর্যটকের ‘স্মৃতি সংগ্রহে’র নমুনা দেখেই লজ্জায় পড়লেন দেশবাসী।
ইন্দোনেশিয়ার বালির আসভারা রিসর্ট উদুব নামক একটি রিসর্টে ১৬ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত ঘর ভাড়া নিয়ে ছিলেন কিছু ভারতীয় (Indian) পর্যটক। এরপর চেকআউটের সময় হোটেল কর্তৃপক্ষ লক্ষ্য করেন, কিছু সামগ্রী ঘর থেকে অনুপস্থিত। এরপরই অতিথিদের ব্যাগ পরীক্ষা করা হয় এবং তাদের লাগেজ থেকে হোটেলের একাধিক সামগ্রী উদ্ধার হয়।
কী কী সামগ্রী উদ্ধার হলো ?
তল্লাশির সময় পর্যটকদের লাগেজ থেকে উদ্ধার হয় পুল টাওয়েল, বাথ টাওয়েল, ডোরম্যাট, কিমোনো রোব, হেয়ার ড্রায়ার, বাসনপত্র এবং টিভির রিমোট বক্স। হোটেল কর্মীরা সেগুলি একে একে বের করে দেখান।
চাপের মুখে দেশের সম্মান
এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে শোনা যায়, এক ব্যক্তি পর্যটকদের ভারতীয় (Indian) বলে উল্লেখ করছেন, যদিও অন্য একজন বলেন, “সব ভারতীয় এমন নয়।” ভিডিওটি ঘিরে অনলাইনে তীব্র সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।
ভিডিও প্রকাশের পর অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। এক ব্যবহারকারী মন্তব্য করেন, “বিদেশ ভ্রমণের সামর্থ্য আছে, কিন্তু নিজের তোয়ালে কেনার নয়?” আরেকজন লেখেন, “এভাবে দেশের নাম খারাপ হচ্ছে।”
তবে গিয়ানয়ার পুলিশের মুখপাত্র ইপ্তু আই গুস্তি নগুরাহ সুয়ার্দিতা জানান, “সমস্ত সামগ্রী ফেরত দেওয়া হয়েছে এবং বিষয়টি মিটমাট হয়েছে। কোনও মামলা দায়ের করা হয়নি।” হোটেল কর্তৃপক্ষও সামগ্রী ফেরত পাওয়ার পর অতিথিদের সম্মানের সাথেই চেকআউট করতে দেয়।
কিন্তু এই ঘটনায় বিশ্বমঞ্চে ফের ভারতের নাম ক্ষুণ্ন হয়েছে বলে ধারণা দেশবাসীর। সদূর বিদেশেও হোটেল থেকে তোয়ালে চুরির মতো অদ্ভুত ঘটনা একদিকে হাস্যরস উদ্রেক করলেও আসলে দেশের নাগরিকদের আচার ব্যবহার নিয়ে ভ্রান্ত ধারণা তৈরি করছে বিদেশিদের মধ্যে। এর আগে ভারতের মাটিতে বহু বিদেশিদের সাথে খারাপ ব্যবহার, তিক্ত অভিজ্ঞতা ও নানান অপরাধের কারণে দেশজুড়ে ভারতের সম্মান কিছুটা হলেও প্রশ্নের মুখে পড়েছে। এর মধ্যেই ফের এই ধরনের ঘটনা অনাবশ্যক লজ্জা ও সমালোচনারই কারণ হয়ে দাঁড়ায় বলে মত নেটদুনিয়ার।


