Aaj India Desk, নয়া দিল্লি: নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও হড়পা বানে বিপর্যস্ত জনজীবন। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একাধিক এলাকা। সেই বন্যায় লক্ষাধিক নিখোঁজের মধ্যে রয়েছে বহু সংখ্যক ভারতীয়ও। এই কঠিন পরিস্থিতিতে উদ্ধার ও ত্রাণকাজে বিশেষভাবে সাহায্য করছে ভারত। ভারতের এই সহযোগিতা ও সংহতি লাভের পর দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রতি গভীর কৃতজ্ঞতা জানাল নেপাল। (India Nepal Relations)
ভারতের পাশে থাকার বার্তা
নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল সমাজ মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, “নেপালের সরকার ও জনগণের পক্ষ থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রতি গভীর কৃতজ্ঞতা জানানো হচ্ছে।” সেখানে সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ের পর ভারত সরকারের উদ্বেগ, সহযোগিতা এবং সংহতির জন্য তাঁকে ধন্যবাদ জানানো হয়েছে। (India Nepal Relations)
কী কী সাহায্য করলো ভারত?
নেপালের ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত জনজীবনে দ্রুত সাহায্যের হাত বাড়িয়েছে ভারত। ২৬ আগস্টের বিপর্যয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে কথা বলে সবরকম মানবিক সহায়তার আশ্বাস দেন। এরপর ভারতীয় বায়ুসেনার C-130J ও C-17 বিমানে তিন দফায় প্রায় ৫৭.৫ থেকে ৬২ টন ত্রাণসামগ্রী পাঠানো হয়। তাঁবু, কম্বল, হাইজিন কিট, ওষুধ, সোলার ল্যাম্প, জেনারেটর, জল পরিশোধন ট্যাবলেট-সহ একাধিক জরুরি সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
শুধু ত্রাণ পাঠানোতেই থেমে থাকেনি ভারত। চিকিৎসক, প্যারামেডিক ও টানেল-উদ্ধার বিশেষজ্ঞদের নিয়ে ১১ সদস্যের একটি দলও নেপালে পাঠানো হয়েছে। দুর্গত এলাকায় যোগাযোগ ব্যবস্থা ফেরাতে বেইলি ব্রিজ দেওয়ার প্রস্তাবও দিয়েছে ভারত। পাশাপাশি নেপাল-তিব্বত অঞ্চলে আটকে পড়া ভারতীয় নাগরিকদের উদ্ধারে দূতাবাস ও প্রশাসনের মাধ্যমে সমন্বয় চালানো হচ্ছে। এই দ্রুত মানবিক সহায়তা ও সংহতির জন্যই নেপালের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। (India Nepal Relations)
উল্লেখ্য, এই বিপর্যয়ের আবহে একদিকে যেমন দুর্গতদের উদ্ধারে অভিযান চলছে, অন্যদিকে নিখোঁজ ভারতীয়দের সন্ধান ও দেশে ফেরানোর প্রক্রিয়াও জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে দুই দেশের প্রশাসনের মধ্যে সমন্বয়ও অব্যাহত রয়েছে। ফলে ভয়াবহ দুর্যোগের এই সময়ে ভারত-নেপাল সহযোগিতাই এখন উদ্ধার ও পুনরুদ্ধার প্রচেষ্টার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠেছে।


