Aaj India Desk, কলকাতা : বিজেপিতে প্রাক্তন তৃণমূল নেতাদের যোগদান নিয়ে নেতাদের মধ্যেই বাড়ছে মতপার্থক্য! একদিকে প্রাক্তন তৃণমূল নেতাদের দলে নেওয়ার বিরোধিতা করছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অন্যদিকে, পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের (Dilip Ghosh) বক্তব্য, কংগ্রেস থেকে নেতারা বিজেপিতে আসতে পারলে তৃণমূল থেকেও আসতে পারেন। মঙ্গলবার সকালে তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্য বিজেপির অন্দরে।
কী বললেন দিলীপ ঘোষ?
মঙ্গলবার প্রাতঃভ্রমণ সেরে দিলীপ ঘোষ (Dilip Ghosh) তৃণমূল নেতাদের বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে বলেন, “রাজনীতিতে আবেগের কোনও জায়গা নেই। কংগ্রেস থেকে আসতে পারলে তৃণমূল থেকেও আসতে পারেন।” তবে যে কেউ বিজেপিতে যোগ দিলেই তাঁকে দলে নেওয়া হবে, এমন কথা বলেননি দিলীপ। তাঁর বক্তব্য, যাঁরা আসতে চাইছেন, তাঁরা বিজেপির কার্যপদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন কি না, তা যাচাই করা জরুরি। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল।
শমীক-সুকান্তের অবস্থান কী?
প্রাক্তন তৃণমূল নেতাদের বিজেপিতে অন্তর্ভুক্তি নিয়ে শমীক ভট্টাচার্য ও সুকান্ত মজুমদার এর আগে আপত্তি জানিয়েছেন। শমীকের বক্তব্য, মানুষ শুধু দলের পরিবর্তন নয়, নেতাদের মানসিকতার পরিবর্তনও চেয়েছেন। সেই কারণেই প্রাক্তন তৃণমূল নেতাদের দলে নেওয়ার প্রশ্নে তিনি সতর্ক অবস্থান নিয়েছেন। সুকান্তও একই সুরে বক্তব্য রেখেছেন।
অন্যদিকে কলকাতা পুরসভা নির্বাচনকে সামনে রেখে কয়েকজন প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলেও জল্পনা চলছে। তাঁদের যুক্তি, পুরসভা পরিচালনার অভিজ্ঞতা বিজেপির কাজে লাগতে পারে। তবে কি পুরসভা ভোটের অঙ্কে অভিজ্ঞ নেতাদের জন্য দরজা খোলা রাখার পক্ষেই সওয়াল করছেন দিলীপ (Dilip Ghosh) ? পাশাপাশি অতীতেও বিজেপিতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাদের যোগদানের নজির রয়েছে। শুভেন্দু অধিকারী, মুকুল রায় এবং তাপস রায়ের মতো কংগ্রেস, তৃণমূল এবং বাম শিবির থেকে একাধিক নেতা বিজেপিতে এসেছেন। এই অবস্থায় শমীক-সুকান্তের বিরুদ্ধে গিয়ে দিলীপের বক্তব্য দলের ভেতরেই কি চিড় ধরাবে ? নাকি অন্দরের সমীকরণকেই দিলীপ ঘোষ প্রকাশ্যে আনলেন মাত্র ? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।


