Aaj India Desk, কলকাতা : রাজনীতিতে এসেছিলেন এক রাশ স্বপ্ন নিয়ে। কিন্তু এতগুলো বছরে সেই স্বপ্নই পূরণ হয়নি। বুধবার এমনটাই দাবি করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়ে বিজেপির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পর একাধিক সমালোচনার মুখোমুখি হয়েছিলেন তিনি। এবার প্রথমবার প্রকাশ্যে নিজের এই দল বদলের কারণ জানালেন তিনি।
‘স্বপ্ন পূরণ না হওয়াতেই সিদ্ধান্ত’
দলবদলের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রচনা (Rachana Banerjee) বলেন, “যে স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসেছিলাম, তাতে ব্যাঘাত ঘটেছে। তাই দল পরিবর্তন করেছি। এখন আমরা মোদিজি, অমিত শাহজি, শুভেন্দুদার সাপোর্টার।”
তিনি আরও জানান, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মীদের মতো তাঁর অভিজ্ঞতা নয়। তাঁর কথায়, “আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই। আমি যা উপলব্ধি করেছি, যে স্বপ্ন নিয়ে এসেছিলাম, সেখানে ব্যাঘাত ঘটেছে বলেই দল পরিবর্তন করেছি। অন্যরা কী মতামত দেবেন, সেটা তাঁদের বিষয়।”
লক্ষ্য হুগলির উন্নয়ন
রচনা ব্যানার্জির (Rachana Banerjee) দাবি, দলবদলের পর তাঁর মূল লক্ষ্য হুগলির উন্নয়ন। তিনি বলেন, রাজনৈতিক পরিকল্পনা নিয়ে তিনি রাজনীতিতে আসেননি। তবে সংশ্লিষ্ট নেতৃত্বের এবং ‘দাদা’র সহযোগিতা পেলে জেলার উন্নয়নে কাজ করা সম্ভব হবে বলেই তাঁর বিশ্বাস। তিনি বলেন, “আমরা জানি ভালো কাজ হবে। আগে কী হয়েছে বা কী হয়নি, তা নিয়ে এখন আর আলোচনা করে লাভ নেই। আমাদের লক্ষ্য এখন রাজ্যের উন্নয়ন।”
তৃণমূলের ২১ জুলাই শহিদ দিবস নিয়ে চলা রাজনৈতিক বিতর্কের মধ্যেও রচনা সংযত মন্তব্য করেন। তাঁর মতে, ২১ জুলাই একটি আবেগের দিন এবং দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে যাঁরা প্রাণ হারিয়েছিলেন, তাঁদের স্মরণেই দিনটি পালন করা উচিত। তিনি বলেন, “একুশে জুলাই ভীষণ আবেগের দিন। ভালো-খারাপ তৃণমূলের প্রশ্ন নয়, যাঁরা শহিদ হয়েছিলেন তাঁদের আত্মার শান্তিকামনায় দিনটি পালন করা উচিত।”
রচনার এই মন্তব্য এমন সময় সামনে এল, যখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে দলবদল ও রাজনৈতিক পুনর্বিন্যাস নিয়ে জল্পনা তুঙ্গে। ফলে তাঁর ‘স্বপ্নে ব্যাঘাত’-এর ব্যাখ্যা শুধু ব্যক্তিগত অবস্থান নয়, বদলে যাওয়া রাজনৈতিক সমীকরণ নিয়েও নতুন বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে। এবার এনসিপিআইতে থেকে তাঁর স্বপ্ন কতটা পূরণ হয় সেটাই দেখার।


