Aaj India Desk, কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ‘শান্তিনিকেতন’ নামের বাড়িতে শনিবার দুপুরে সিআইডি (CID)-র একটি দল পৌঁছয়। প্রায় পাঁচ থেকে ছ’জন আধিকারিক সেখানে যান। কিছুক্ষণ দরজায় ধাক্কাধাক্কির চেষ্টা করার পর বাড়ির এক কর্মী বাইরে এসে জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই বাড়িতে নেই। এদিকে, সিআইডি যখন তাঁর এক বাড়িতে উপস্থিত, তখন অভিষেক কালীঘাটের (Kalighat) নিজের অন্য বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই তিনি সিআইডির এই পদক্ষেপ নিয়ে প্রতিক্রিয়া দেন।
অভিষেক বলেন, “ওদের এখানে আসতে বলুন। আপনাদের মাধ্যমে খবর পাঠালাম। আমি এখানে থাকি। এই বাড়িতে আসতে হবে।” এরপর তিনি প্রশ্ন তোলেন, “আমার বাড়ির কোন অংশটা বেআইনি? সেটা কলকাতা পুরসভা বলতে পারবে। শুধু একটা নোটিস লাগিয়ে চলে গেলেই তো আর হবে না, কোন অংশটা বেআইনি সেটাও বলতে হবে। আমার যা বলার আমি সেটা বলে দিয়েছি। এবার সিআইডি-ইডি আর পুরসভা কেন এসেছে তারাই সেটা তো বলতে পারবে।” তিনি আরও বলেন, “আমি জানি না কেন সিআইডি এসেছে। সাংবাদিকরাই তো বলে দিচ্ছেন, সই জাল মামলায় এসেছে সিআইডি।”
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় জোর গলায় দাবি করেন, “সিআইডি কী? ইডি-সিবিআইয়ের কাছেই আমি কোনদিন মাথা নত করিনি। তাই ওরা চাইলেও আমার কিছু করতে পারবে না। আমাকে সিআইডি দিয়ে, পুরসভা দিয়ে আমার ঘর, অফিস ভেঙে মাথায় আঘাত করে যা ইচ্ছা করে করুক। তবুও, আমি দমার ছেলে নই।” পাশাপাশি তিনি জানান, “আমি বেলেঘাটায় কুণাল ঘোষের অফিসে দেখা করেছি। ওইখানে গিয়েছিলাম, ওইখান থেকেই এসেছি।”
উল্লেখ্য, তদন্তকারী সংস্থার এই পদক্ষেপ নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে। তবে সিআইডির পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।


