30 C
Kolkata
Friday, August 28, 2026
spot_img

“চাইলে একটা গোটা লাইব্রেরি করে দেবো”—রবীন্দ্র রচনাবলী বিতর্কে জবাব মমতার!

Aaj India Desk, কলকাতা: বিধানসভার গ্রন্থাগার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ইস্যু হওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindra Rachanabali) ১৯টি বই এখনও ফেরত দেওয়া হয়নি। সেই অভিযোগ ঘিরে চলছে রাজনৈতিক বিতর্ক। রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী গৌরীশংকর ঘোষ জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে বই ফেরত না দিলে সাধারণ পাঠকের ক্ষেত্রে যে নিয়ম প্রযোজ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হবে। তবে শুক্রবার ক্যাথিড্রাল রোডের মঞ্চ থেকে সেই অভিযোগের জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বিষয়টি নিয়ে মিথ্যে অভিযোগ করা হচ্ছে।

টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে ক্যাথিড্রাল রোডের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মিথ্যে অভিযোগ করবেন না। আপনাদের কাছে প্রমাণ আছে? প্রমাণ না দেখাতে পারলে ক্ষমা চাইবেন। আমি নিজে বই লিখি। এমন দুঃসময় আসেনি আমার যে আমাকে লাইব্রেরির বই চুরি করতে হবে। চাইলে আমি নিজেই একটা গোটা লাইব্রেরি করে দিতে পারি।” এই মন্তব্যের পরেই বিধানসভা গ্রন্থাগারের বই ইস্যু এবং ফেরত দেওয়ার বিষয়টি নতুন করে রাজনৈতিক আলোচনায় উঠে এসেছে।

উল্লেখ্য, বিধানসভার গ্রন্থাগার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মোট ১৯টি রবীন্দ্র-গ্রন্থ (Rabindra Rachanabali) ইস্যু করা হয়েছিল। এর মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৮ খণ্ডের ‘রবীন্দ্র রচনাবলী’ (Rabindra Rachanabali) এবং একটি ‘সঞ্চয়িতা’। অভিযোগ উঠেছে, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও গ্রন্থাগারের নথিতে বইগুলি এখনও ফেরত দেখানো হয়নি। বইগুলি কোথায় রয়েছে, তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। গ্রন্থাগারের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানিয়েছেন, বইগুলি তাঁর বাড়িতে বা ব্যক্তিগত জিম্মায় নেই। তাঁর দাবি অনুযায়ী, বইগুলি রয়েছে বিধানসভায় মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট চেম্বারে। বর্তমানে ওই চেম্বার যে দপ্তরের অধীনে, সেটি শুভেন্দু অধিকারীর হাতে।

বিষয়টির মূল জটিলতা এখানেই। বইগুলি বিধানসভা ভবনের মধ্যেই থাকলেও গ্রন্থাগারের খাতায় সেগুলি এখনও ফেরত দেওয়া হয়নি। ফলে নথি অনুযায়ী, বইগুলি এখনও ইস্যু করা অবস্থাতেই রয়েছে। গ্রন্থাগারে বই শারীরিকভাবে ফিরিয়ে দিয়ে নথিতে তা ‘রিটার্ন’ না করা পর্যন্ত ইস্যুর হিসাব বদলাবে না।

সব মিলিয়ে, ১৯টি রবীন্দ্র-গ্রন্থ ঘিরে বিতর্কে এখন বই শুধু বইয়ের পাতায় আটকে নেই, ঢুকে পড়েছে রাজনীতির পাতাতেও। একদিকে মমতার ‘গোটা লাইব্রেরি’ বানিয়ে দেওয়ার বার্তা, অন্যদিকে মন্ত্রীর ‘বই ফেরত দেওয়ার’ এই টানাপোড়েনে আপাতত প্রশ্ন একটাই, রবীন্দ্রনাথের বই কি এবার সত্যিই ফিরে আসবে নাকি বিতর্কের ‘শেষের কবিতা’ এখনও লেখা বাকি?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন