27.4 C
Kolkata
Friday, August 7, 2026
spot_img

‘আপনাদের পাশে সবসময় আমি আছি’-NCPI সাংসদদের আশ্বাস মোদীর

Aaj India Desk, নয়াদিল্লি: সংসদে বারবার বিরোধীদের হট্টগোল ও অধিবেশন বন্ধ হয়ে যাওয়ার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শুক্রবার সকালে নিজের সরকারি বাসভবনে এনডিএ (NDA)-র শরিক দলগুলির লোকসভা সাংসদদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে তিনি বলেন, সংসদ এমন একটি জায়গা যেখানে যুক্তি ও তথ্যের ভিত্তিতে আলোচনা হওয়া উচিত। কিন্তু লাগাতার বিশৃঙ্খলার কারণে নতুন ও তরুণ সাংসদরা নিজেদের বক্তব্য রাখার সুযোগই পাচ্ছেন না।

প্রধানমন্ত্রী সাংসদদের বলেন, সংসদে কোনও বিষয়ে বক্তব্য রাখার আগে সংসদীয় গ্রন্থাগারে থাকা তথ্য ও ঐতিহাসিক নথি ভালোভাবে দেখে প্রস্তুতি নিতে। তাঁর মতে, তথ্যভিত্তিক আলোচনা সংসদের মর্যাদা আরও বাড়াবে। বৈঠকে তিনি আরও বলেন, দেশের উন্নয়ন নির্ভর করে প্রতিটি রাজ্যের অগ্রগতির উপর। তাই প্রত্যেক সাংসদকে নিজের লোকসভা কেন্দ্র ও রাজ্যের উন্নয়নের জন্য আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। কোনও উন্নয়নমূলক প্রকল্পে সমস্যা হলে বা দ্রুত কাজ এগিয়ে নিতে প্রয়োজন হলে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের (PMO) সঙ্গে যোগাযোগ করারও পরামর্শ দেন তিনি।

এই বৈঠকে এনডিএ-র বিভিন্ন শরিক দলের ৪০ জনেরও বেশি সাংসদ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিল এনসিপিআই, একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা, আরপিআই (আঠাওলে), রাষ্ট্রীয় লোক মোর্চা, এআইএডিএমকে এবং ইউপিপিএল-এর প্রতিনিধিরা। এনডিএ-তে নতুন যোগ দেওয়া সাংসদদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, এনডিএ একটি পরিবার। প্রতিটি শরিক দল এবং প্রতিটি সাংসদের পাশে জোট নেতৃত্ব রয়েছে। তিনি জানান, কাউকে অবহেলা করা হবে না। সকলেই কাজ করার সুযোগ ও যথাযথ সম্মান পাবেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী উপস্থিত সাংসদদের সঙ্গে আলাদা করে কথা বলেন এবং তাঁদের এলাকার পরিস্থিতি, কাজের অগ্রগতি ও অন্যান্য বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি তিনি নতুন সাংসদদের পরামর্শ দেন, বিরোধী দলের সাংসদদের সঙ্গেও সৌজন্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সংসদে ইতিবাচক ও গঠনমূলক আলোচনায় অংশ নিতে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন