Aaj India Desk, কলকাতা : পরপর বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনায় কলকাতা ও রাজ্যের হোটেল-গেস্ট হাউসগুলির অগ্নি নিরাপত্তা নিয়ে উঠছিল প্রশ্ন। এর মধ্যেই এবার বড় পদক্ষেপ নিলো দমকল বিভাগ। অগ্নি নিরাপত্তা বিধি না মানার অভিযোগে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের ১৩ টি প্রতিষ্ঠানকে শো-কজ নোটিস পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। ২৪ ঘণ্টার মধ্যে কেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। দমকলের দাবি, ওই প্রতিষ্ঠানগুলিতে অগ্নিনির্বাপক ব্যবস্থা ও নিরাপত্তা পরিকাঠামোয় একাধিক ত্রুটি ধরা পড়েছে। (New Market Fire Incident)
আগেও দেওয়া হয়েছিল নোটিস
দমকলের বক্তব্য অনুযায়ী, মির্জা গালিব স্ট্রিটের ৯টি গেস্ট হাউস এবং ৪টি রেস্তোরাঁকে শো-কজ নোটিস পাঠানো হয়েছে। এই গেস্ট হাউস ও রেস্তোরাঁগুলিকে এর আগেও একাধিকবার নোটিস দেওয়া হয়েছিল। অগ্নি নিরাপত্তা বিধি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্যই সেই নোটিস দেওয়া হয় বলে জানিয়েছেন দমকলের DG অনুজ শর্মা। এবার ফের পরিদর্শনের পর ত্রুটি ধরা পড়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে শো-কজ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না মিললে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও দমকলের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে। (New Market Fire Incident)
উল্লেখ্য, তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই বুধবার কলকাতার নিউ মার্কেট এলাকায় (New Market Fire Incident) মির্জা গালিব স্ট্রিটের হোটেল ‘শিখা ইন’-এ আগুন লাগে। ভয়াবহ ওই ঘটনায় অন্তত ৯ জন আবাসিকের মৃত্যু হয়েছে। আগুন থেকে বাঁচতে কেউ হোটেলের ব্যালকনি থেকে ঝাঁপ দেন। আবার কয়েকজন বাথরুমে আশ্রয় নিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন করেছে পুলিশ।
পরপর দুই দিনে রাজ্যের দুই জায়গায় দুটি হোটেলে অগ্নিকাণ্ডে মোট ১৮ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে শহরের হোটেল ও গেস্ট হাউসগুলিতে অগ্নি নিরাপত্তা বিধি কতটা মানা হচ্ছে, তা নিয়ে নতুন করে নজরদারি শুরু হয়েছে। দমকলের এই পদক্ষেপের পর শো-কজের জবাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি কী ব্যাখ্যা দেয় এবং নিরাপত্তা বিধি না মানার অভিযোগ প্রমাণিত হলে প্রশাসনই বা কী ব্যবস্থা নেয় সেদিকেই এখন নজর রাজ্যবাসীর।


