Aaj India Desk, কলকাতা: গরমে কার্যত হাঁসফাঁস অবস্থা বাংলার মানুষের। বাইরে বেরোলেই মনে হচ্ছে যেন গরম হাওয়া গায়ে লাগছে। এই অসহ্য গরম থেকে এখনই স্বস্তি মিলছে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Bureau)। আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গ জুড়ে গরম ও অস্বস্তিকর আবহাওয়া (Weather) বজায় থাকবে। মাঝে কোথাও কোথাও বৃষ্টি (Rain) হলেও তাতে তাপমাত্রা (Temparature) খুব বেশি কমবে না। সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে। পানাগড়ে পারদ ছুঁয়েছে ৪৩.৪ ডিগ্রি সেলসিয়াস। কলাইকুণ্ডা ও ব্যারাকপুরে তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি। বাঁকুড়াতেও তাপমাত্রা পৌঁছে যায় ৪১.৩ ডিগ্রিতে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস (Forecast) অনুযায়ী, মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টিতে গরম থেকে বড় কোনও স্বস্তি মিলবে না। নদিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।
২০ তারিখের পরেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। বিশেষ করে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ ও দুই বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু তাতেও তাপমাত্রা খুব একটা নামবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করতে পারে।
কলকাতা ও আশপাশের এলাকাতেও আগামী সাতদিন গরম বজায় থাকবে। তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। এর মধ্যে দু’দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় গত কয়েকদিন ধরে মাঝেমধ্যে বৃষ্টি হয়েছে। তবে ২০ তারিখের পর সেখানে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।


