গান্ধীনগর: ‘ভেজ’ মোদীর নামে ফিশ মার্কেট! নিরামিষভোজী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নামে যদি একটা মাছের বাজারের নাম রাখা হয়, তাহলে চর্চা তো হবেই! আর সেটাই হয়েছে গুজরাটের সুরাটে। নতুন তৈরি পাইকারি মাছের বাজারের প্রবেশদ্বারে বড় হরফে ঝুলছে, ‘শ্রী নরেন্দ্র মোদী পাইকারি মাছের বাজার’। বোর্ডের এক কোণে আবার প্রধানমন্ত্রীর ছবিও। আর সেই হোর্ডিং ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক।

প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে তৈরি এই আধুনিক পাইকারি বাজারে রয়েছে ৮০টি বড় দোকান। কিন্তু বাজারের উদ্বোধনের আগেই আলোচনার কেন্দ্রে চলে এসেছে তার নাম।
“যিনি মাছ খান না, তাঁর নামে মাছের বাজার কেন?”
আপত্তি তুলেছেন একাংশ মৎস্য ব্যবসায়ী। তাঁদের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) একজন কট্টর নিরামিষভোজী এবং জীবনে সামুদ্রিক খাবারও স্পর্শ করেননি। তাই তাঁর নামে মাছের বাজারের নামকরণ করা অযৌক্তিক বলেই মত তাঁদের। এক ব্যবসায়ীর কথায়, “যিনি নিজেই সামুদ্রিক খাবার খান না, তাঁর নাম মাছের বাজারে কেন থাকবে?”
পুরনিগমের সাফাই: “নামকরণ এখনও চূড়ান্ত নয়”
বিতর্ক বাড়তেই সুরাট পুরনিগম জানায়, বাজারের নামকরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। অন্যদিকে দ্য সুরাট ফিশ মার্চেন্ট অ্যাসোসিয়েশন-এর দাবি, কেন্দ্রের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা থেকে এই প্রকল্পে প্রায় ৩ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। সেই কারণেই মোদীর (Narendra Modi) নামে বাজারের নাম রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল।
তবে শেষ পর্যন্ত পুরনিগমের বক্তব্য, আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়াই হোর্ডিং লাগানো হয়েছে এবং ব্যবসায়ী সংগঠন মৌখিকভাবে আশ্বাস দিয়েছে যে বিতর্কিত বোর্ডটি সরিয়ে নেওয়া হবে। মাছের বাজারে মোদীর নাম! এখন প্রশ্ন একটাই, এটা কি কৃতজ্ঞতার প্রতীক, নাকি অকারণ বিতর্কের টোপ?


