কলকাতা: একদিকে ভরা বর্ষায় জলের তলায় ঘাটাল, আর অন্যদিকে ইছামতীর পাড়ে পরিবারকে নিয়ে ছুটি কাটাচ্ছেন ঘাটালের সাংসদ দেব (Dev)! আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই কার্যত তোলপাড় নেটপাড়া। প্রশ্ন উঠছে, ঘাটাল যখন বন্যার জলে বিপর্যস্ত, তখন সাংসদ দেব কোথায়?
‘দেশু৭’-এর শুটিং শেষ হতেই মা-বাবা ও বোনকে নিয়ে টাকিতে ছোট্ট ট্রিপে বেরিয়ে পড়েন দেব। বৃষ্টিভেজা ইছামতীর পাড়ে কখনও মায়ের সঙ্গে, কখনও বোনের সঙ্গে ছবি তুলতে দেখা যায় অভিনেতা-সাংসদকে। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দেব (Dev)।
আর ছবি পোস্ট হতেই শুরু ‘জল’ নিয়ে প্রশ্ন! কারণ, ঘাটালের একাধিক এলাকা যখন বন্যার জলে বিপর্যস্ত, তখন সাংসদের এই ছুটির ছবি দেখে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনদের একাংশ। কেউ সরাসরি প্রশ্ন করেছেন, ‘দাদা, ঘাটাল জলে ডুবছে। সাংসদ হিসাবে কিছু করুন।’ আবার কারও কটাক্ষ, ‘উনি বিন্দাস আছেন, আর ঘাটালের মানুষেরা জলে ডুবে মরছে!’
অর্থাৎ, দেবের ফ্যামিলি ট্রিপের ছবির কমেন্টবক্সেই এবার উঠেছে ঘাটালের বন্যা পরিস্থিতি। পরিবারের সঙ্গে অভিনেতার ব্যক্তিগত সময় কাটানো নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ, বিশেষ করে যখন তিনি একইসঙ্গে ঘাটালের সাংসদ।
তবে বিতর্কের মাঝেই দেবের পোস্টে আরও এক প্রসঙ্গ নিয়ে শুরু হয়েছে জল্পনা। কোথায় রুক্মিণী? জুলাইয়ের পর থেকে দেবের (Dev) সঙ্গে তাঁকে দেখা যাচ্ছে না কেন, সেই প্রশ্নও করেছেন নেটিজেনদের একাংশ। কেউ লিখেছেন, ‘দাদা, ম্যাডামকে দেখছি না?’ আবার দেবের মাকে উদ্দেশ্য করে মজার আবদার, ‘কাকিমা, এবার দেবদার বিয়ে দাও।’
সব মিলিয়ে পরিবার নিয়ে দেবের (Dev) ছুটির ছবি যেন ছুটির আমেজের বদলে তৈরি করেছে বিতর্কের ঝড়। একদিকে ঘাটালের জল, অন্যদিকে টাকিতে দেবের ফ্যামিলি টাইম, এই দুইয়ের ফারাক নিয়েই এখন সরব নেটপাড়া।


