30 C
Kolkata
Tuesday, June 2, 2026
spot_img

মহিলাদের বিনামূল্যে যাত্রা, ধাক্কার মুখে বেসরকারি বাস পরিষেবা?

Aaj India Desk,কলকাতা: মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের এই সুবিধা চালু হয়েছে গতকাল থেকেই।তবে এর প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বেসরকারি বাস (Private Bus) মালিকরা।

তাদের আশঙ্কা,এই নতুন ব্যবস্থার ফলে মহিলা যাত্রীদের একটি বড় অংশ সরকারি বাসের দিকে ঝুঁকবেন, যার সরাসরি প্রভাব পড়বে বেসরকারি বাসের যাত্রী সংখ্যা ও আয়ের উপর।অনেকের মতেই শহর ও শহরতলির রুটগুলিতে মহিলা যাত্রীর সংখ্যা যথেষ্ট বেশি। সরকারি বাসে কোনও ভাড়া না লাগলে স্বাভাবিকভাবেই অধিকাংশ মহিলা যাত্রী সেই পরিষেবা বেছে নেবেন। ফলে বেসরকারি বাসগুলিতে যাত্রী কমে যাওয়ার সম্ভাবনা প্রবল। ইতিমধ্যেই জ্বালানির মূল্য বৃদ্ধি, গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ, বিমার প্রিমিয়াম এবং অন্যান্য ব্যয়ের চাপে বেসরকারি পরিবহন শিল্প কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।

তার উপর যাত্রী সংখ্যা কমে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন বাস মালিকরা।

বেসরকারি বাস সংগঠনগুলির দাবি, অনেক রুটে বাস চালানো বর্তমানে খুব বেশি লাভজনক নয়। সেখানে যাত্রী কমে গেলে দৈনন্দিন খরচ তোলাই কঠিন হয়ে পড়বে। এর ফলে কিছু রুটে বাসের সংখ্যা কমে যেতে পারে, এমনকি কিছু ক্ষেত্রে পরিষেবা বন্ধ হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

শুধু বাস মালিকরাই নন, উদ্বেগে রয়েছেন পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত হাজার হাজার কর্মীও। চালক, খালাসি, টিকিট পরীক্ষক, গ্যারাজ কর্মীসহ বহু মানুষের জীবিকা এই শিল্পের উপর নির্ভরশীল। যাত্রী কমে যাওয়ার ফলে যদি বাস চলাচল কমে যায়, তাহলে তাদের কর্মসংস্থানও সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।

অন্যদিকে, সাধারণ মানুষের একাংশের মতে, মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের সুবিধা একটি ইতিবাচক সামাজিক পদক্ষেপ। এতে কর্মজীবী মহিলা, ছাত্রী এবং নিম্ন আয়ের পরিবারের সদস্যরা আর্থিকভাবে উপকৃত হবেন। তবে একই সঙ্গে বেসরকারি পরিবহন ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে যে প্রশ্ন উঠছে, তার সমাধানেও সরকারের নজর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন অনেকে।

তবে অনেক বেসরকারি বাস মালিকদের বক্তব্যে আবার ভিন্ন সুর শোনা গেলো , সরকারি বাসে মহিলা বেশি হলেও , সিট পাওয়ার আশায় বা ভিড় এড়ানোর জন্য পুরুষরা বেসরকারি বাসেই ঝুঁকছে ,ফলত খুব একটা এই বিষয়ে হেরফের হচ্ছে না ।

এখন দেখার বিষয়, সরকারি বাসে বিনামূল্যে যাত্রার সুবিধা চালুর পর বাস্তবে যাত্রীদের প্রবণতা কতটা বদলায় এবং তার প্রভাব বেসরকারি পরিবহন শিল্পের উপর কতটা গভীর হয়। পরিবহন সংগঠনগুলির আশা, পরিস্থিতি সামাল দিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং বেসরকারি বাস শিল্পকে টিকিয়ে রাখার জন্য অবশ্যই কোনো না কোনো পদক্ষেপ গ্রহণ করবেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন