Aaj India Desk, কলকাতা: কলকাতার নিউ টাউনে (Kolkata New Town) আদানি গোষ্ঠীর প্রস্তাবিত আন্তর্জাতিক মানের হাসপাতাল ‘আদানি আরোগ্য নিকেতন’(Adani Arogya Niketan) নিয়ে নতুন করে জোরালো হচ্ছে আলোচনা। সব ঠিক থাকলে আগামী মাসেই প্রকল্পটির শিলান্যাস করতে পারেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি (Gautam Adani)। ইতিমধ্যেই এই প্রকল্পের আর্থিক ও সামাজিক প্রভাব নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট জমা পড়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু (Suvendu Adhikari) অধিকারীর সচিবালয়ে বলে সূত্রের দাবি।
নিউটাউনে হাসপাতালের জন্য প্রায় ৫১.৭৫ একর জমি চিহ্নিত হয়েছে। জমির চরিত্র বদল এবং অন্যান্য ছাড় মিলিয়ে সরকার আদানি গোষ্ঠীকে প্রায় ১৯৬৭ কোটি টাকার রাজস্ব সুবিধা দিচ্ছে। তবে সরকারের বক্তব্য, হাসপাতাল চালু হলে তার আর্থিক ও সামাজিক সুফল এই খরচের তুলনায় অনেক বেশি হতে পারে।
প্রস্তাবিত হাসপাতালটির মূলধনী বিনিয়োগ ধরা হয়েছে ১২০০ কোটি টাকা। নির্মাণপর্বে সম্ভাব্য অর্থনৈতিক উৎপাদন আরও ১৮০০ কোটি টাকা। আর হাসপাতাল চালু হওয়ার পর স্বাস্থ্য পরিষেবা, কর্মসংস্থান, শিক্ষা-গবেষণা, মেডিকেল ট্যুরিজম এবং GST মিলিয়ে বছরে প্রায় ৪০৮৫ কোটি টাকার ‘monetised benefit’ হতে পারে বলে রিপোর্টে অনুমান করা হয়েছে।
আদানি গোষ্ঠীর পরিকল্পনা অনুযায়ী হাসপাতালটি হবে ১০০০ বেডের। এর মধ্যে ৫০০ বেডে রাজ্য সরকার বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবে। ৮০ শতাংশ বেড অকুপেন্সি, গড়ে পাঁচ দিন ভর্তি এবং রোগীপিছু প্রায় আড়াই লক্ষ টাকা চিকিৎসা খরচ ধরে শুধু এই পরিষেবার মূল্য প্রায় ৭৩০ কোটি টাকা। ফ্রি OPD থেকে ৬২ কোটি এবং ডায়াগনস্টিক পরিষেবা থেকে ২৫ কোটি—সব মিলিয়ে স্বাস্থ্য পরিষেবায় বার্ষিক সুবিধা প্রায় ৮১৭ কোটি টাকা। মুখ্যমন্ত্রী বেড সংখ্যা বাড়িয়ে ২০০০ করার প্রস্তাবও দিয়েছেন বলে জানা গিয়েছে।
কর্মসংস্থান থেকে বার্ষিক সুবিধা হতে পারে ৫৬০ কোটি টাকা। এর মধ্যে প্রত্যক্ষ কর্মসংস্থানে ৩২০ কোটি এবং প্রায় ১০ হাজার পরোক্ষ কর্মসংস্থানে আরও ২৪০ কোটি টাকার অর্থনৈতিক প্রভাবের হিসাব রয়েছে। শিক্ষা ও গবেষণায় সম্ভাব্য সুবিধা ৩২২ কোটি টাকা।
মেডিকেল ট্যুরিজম থেকে ১১৫৬ কোটি এবং বাংলার রোগীদের বাইরে চিকিৎসার জন্য যাওয়া কমলে প্রায় ১০০০ কোটি টাকা রাজ্যের অর্থনীতিতে ধরে রাখার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত GST আয় হতে পারে আরও ২৩০ কোটি টাকা।
রিপোর্টে প্রকল্পটির illustrative Cost-Benefit Ratio ২৭:১ এবং Net Social Present Value ৫৩,৮৬০.১০ কোটি টাকা ধরা হয়েছে। তবে এগুলি নিশ্চিত আয় নয়, বিভিন্ন অনুমানের ভিত্তিতে তৈরি হিসাব। প্রকল্পের চূড়ান্ত বিনিয়োগ যাচাই, আর্থিক ছাড়ের শংসাপত্র, ৫০০টি বিনামূল্যের বেডের শর্ত এবং নিয়মিত সরকারি নজরদারির সুপারিশও করা হয়েছে। শেষ পর্যন্ত প্রকল্পটির সাফল্য নির্ভর করবে এই সুবিধাগুলি বাস্তবে কতটা কার্যকর হয় এবং সরকারি শর্তগুলি কতটা কঠোরভাবে মানা হয় তার উপর।


