কলকাতা: বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty) গ্রেফতার। তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সীর স্বামী তথা প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে বুধবার পুরুলিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে খবর। এর আগে গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অদিতি ও দেবরাজ (Debraj Chakraborty)।
আদালত শিশুসন্তানের কথা বিবেচনা করে অদিতিকে অন্তর্বর্তী সুরক্ষা দিলেও দেবরাজের (Debraj Chakraborty) আগাম রক্ষাকবচের আবেদন খারিজ করে দেয়। এরপর থেকেই দেবরাজের গ্রেফতারির সম্ভাবনা জোড়াল হয়।
উল্লেখ্য, সম্পত্তির হিসেব নিকেশে গরমিলের অভিযোগে অদিতি মুন্সী ও দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল পুলিশ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি বেনামে এবং আত্মীয়-পরিচিতদের নামে হস্তান্তর করা, নির্বাচনী হলফনামায় সম্পত্তি কম দেখানো এমনকি অর্থপাচারের মত একাধিক গুরুতর অভিযোগ রয়েছে এই দম্পতির বিরুদ্ধে।
প্রসঙ্গত, যুব তৃণমূল কর্মী হিসেবে রাজনীতি শুরু করে কংগ্রেস ঘুরে ফের তৃণমূলে ফিরে আসেন তিনি (Debraj Chakraborty)। পরবর্তীতে স্ত্রী অদিতি মুন্সিকে রাজনীতিতে নিয়ে আসেন এবং ২০২১ সালে রাজারহাট-গোপালপুর কেন্দ্র থেকে তৃণমূলের বিধায়ক হন অদিতি। সম্ভাব্য গ্রেফতারি এড়াতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন দু’জনেই।
আদালত চার মাসের শিশুসন্তানের কথা বিবেচনা করে অদিতিকে অন্তর্বর্তী সুরক্ষা দিলেও তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে এবং পাসপোর্ট জমা রাখার নির্দেশ দেয়। পাশাপাশি বাগুইআটি থানা এলাকায় প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty) আগাম জামিনের আবেদন খারিজ করে তাঁকে তদন্তে সহযোগিতার নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশের পরই পুরুলিয়া থেকে দেবরাজকে গ্রেফতার করে পুলিশ।


