Aaj India Desk, পূর্ব মেদিনীপুর: ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ১২০০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পুজোর পরেই এই প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। দ্রুত কাজ শেষ করে ঘাটালের মানুষের দীর্ঘদিনের বন্যার সমস্যা মেটানোই সরকারের মূল লক্ষ্য বলে জানান মুখ্যমন্ত্রী।
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ইতিমধ্যেই ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান তিনি। বন্যায় ধান নষ্ট হওয়া কৃষকদেরও ক্ষতিপূরণ দেওয়া হবে। ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে তাঁদের প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেওয়ার জন্য স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের তালিকা তৈরি করতে বলা হয়েছে।
ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও জমি অধিগ্রহণের সমস্যায় প্রকল্পের কাজ এগোচ্ছিল না বলে জানান মুখ্যমন্ত্রী। বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকার ৫০ শতাংশ করে অর্থ দিচ্ছে এবং সেই অর্থে জমি অধিগ্রহণের কাজ চলছে বলেও জানান তিনি।
এদিন ঘাটাল-পাঁশকুড়া রেল প্রকল্প নিয়েও কথা বলেন শুভেন্দু। তাঁর দাবি, আগের সরকারের সময়ে প্রয়োজনীয় জমি না মেলায় রেল প্রকল্পের কাজ আটকে ছিল। এখন জমি অধিগ্রহণের কাজ এগোচ্ছে এবং রেলের কাজও শুরু হয়েছে বলে জানান তিনি।
এর পাশাপাশি মেদিনীপুর কলেজিয়েট স্কুলে শীঘ্রই যাওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্কুলটির উন্নয়নের জন্য একাধিক পরিকল্পনা নিয়ে সেখানে যাওয়ার কথা বলেন তিনি। রাজ্যে ‘বিদ্যাসাগর শিক্ষক সম্মান’ চালু করার কথাও জানান শুভেন্দু।
বীরসিংহকে আরও আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতেও একাধিক পরিকল্পনার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। পর্যটকদের রাতে থাকার জন্য সেখানে ট্যুরিজম হোস্টেল তৈরির পরিকল্পনা রয়েছে। বিদ্যাসাগরকে নিয়ে গবেষণার কাজে যাঁরা বীরসিংহে আসবেন, তাঁদের জন্য বিশেষ কটেজ তৈরির কথাও ভাবা হচ্ছে। বিদ্যাসাগরের স্মৃতি ও ঐতিহ্যকে সামনে রেখে বীরসিংহের পরিকাঠামো এবং পর্যটন ব্যবস্থার উন্নয়ন করাই এই উদ্যোগগুলির মূল লক্ষ্য বলে জানান মুখ্যমন্ত্রী।


